ঢাকা, মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ছুটিতে মাসুদ খানের দেশত্যাগ

২০২৬ জুন ০৯ ১৮:৫৮:১৯
ছুটিতে মাসুদ খানের দেশত্যাগ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : পারিবারিক কারণে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান। তার অনুপস্থিতিতে কমিশনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন কমিশনার তানভীর হাবিব রহমান।

আজ মঙ্গলবার থেকে তিনি চেয়ারম্যানের রুটিন দায়িত্ব পালন করছেন। বিষয়টি জানিয়ে গত রবিবার একটি অফিস আদেশ জারি করে বিএসইসি।

অফিস আদেশে বলা হয়, ৯ থেকে ২৩ জুন পর্যন্ত মাসুদ খান যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। মূলত তার ছেলের স্নাতক শিক্ষা সমাপনী অনুষ্ঠানে যোগ দিতেই তিনি দেশ ত্যাগ করেছেন। এই সময়ের মধ্যে কমিশনার তানভীর হাবিব রহমান নিজ দায়িত্বের পাশাপাশি চেয়ারম্যানের নিয়মিত দায়িত্ব পালন করবেন।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম আগামীর সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন।

অফিস আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বিএসইসির কমিশনার ও কর্মকর্তা-কর্মচারী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দপ্তর এবং বিশেষ সহকারীর (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) দপ্তরে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ জুন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন বিএসইসির সাবেক চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ চার কমিশনার। একই দিন সরকার নতুন চেয়ারম্যান হিসেবে মাসুদ খান এবং নতুন কমিশনার হিসেবে ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. নাফিজ আল তারিক, সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব এবং আশা ইন্টারন্যাশনালের ফাইন্যান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমানকে নিয়োগ দেয়। সেদিনই তারা বিএসইসিতে যোগদান করেন।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন