অর্থমন্ত্রীর কাছে বিএসইসি পুনর্গঠনের দাবি
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠনের দাবি জানিয়েছে বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)।
নবনির্বাচিত সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে রবিবার (২২ ফেব্রুয়ারি) সংগঠনটির সভাপতি এস এম ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মানিক স্বাক্ষরিত চিঠিতে এ আবেদন জানানো হয়।
অর্থমন্ত্রীকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, নির্বাচনী প্রতিশ্রুতিতে পুঁজিবাজার উন্নয়নের বিষয়টি গুরুত্ব পাওয়ায় বিনিয়োগকারীদের ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠনের দাবি জানিয়েছে বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)।
নবনির্বাচিত সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে রবিবার (২২ ফেব্রুয়ারি) সংগঠনটির সভাপতি এস এম ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মানিক স্বাক্ষরিত চিঠিতে এ আবেদন জানানো হয়।
অর্থমন্ত্রীকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, নির্বাচনী প্রতিশ্রুতিতে পুঁজিবাজার উন্নয়নের বিষয়টি গুরুত্ব পাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। এর প্রতিফলন দেখা যায়, নির্বাচন-পরবর্তী প্রথম কর্মদিবসে, যখন ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর প্রধান সূচক উল্লেখযোগ্য উত্থান ঘটায় এবং লেনদেনের পরিমাণও সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
তবে চিঠিতে অভিযোগ করা হয়েছে, বর্তমান কমিশনের নেতৃত্বে বাজারে প্রত্যাশিত স্থিতিশীলতা ও আস্থা তৈরি হয়নি। সংগঠনটির মতে, ২০২৪ সালের পর গঠিত কমিশনের কর্মকাণ্ডে বাজারে আস্থার সংকট আরও গভীর হয়েছে এবং বিনিয়োগকারীদের স্বার্থ যথাযথভাবে সুরক্ষিত হয়নি।
বিসিএমআইএ দাবি করেছে, পুঁজিবাজারকে শক্তিশালী করতে হলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে পুনর্গঠন করে সেখানে যোগ্য, অভিজ্ঞ ও সৎ ব্যক্তিদের নিয়োগ দিতে হবে। এতে একটি জ্ঞাননির্ভর, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব বাজার গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করছে সংগঠনটি।
চিঠিতে আরও বলা হয়, একটি শক্তিশালী ও আধুনিক পুঁজিবাজার দেশের শিল্পায়ন, কর্মসংস্থান এবং বিনিয়োগ প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অর্থমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে কমিশন পুনর্গঠনসহ প্রয়োজনীয় সংস্কার পদক্ষেপ দ্রুত গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বিনিয়োগকারীদের সংগঠনটি আশা প্রকাশ করেছে, সরকারের সক্রিয় উদ্যোগে পুঁজিবাজারে আস্থা ফিরবে এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে বাজার নতুন গতি পাবে।