চিত্রনায়িকা মৌসুমী অভিনীত সিনেমা কন্ট্রাক্ট ম্যারেজ মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে। ছবিটির প্রদর্শন বন্ধের দাবি জানিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মৌসুমী ও তার স্বামী, চিত্রনায়ক ওমর সানী।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওমর সানী বলেন, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ আদতে কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা নয়; এটি যুক্তরাষ্ট্রে শুটিং করা একটি নাটক। তার দাবি, দর্শক যেভাবে মৌসুমীকে বড় পর্দায় দেখতে অভ্যস্ত, এই কাজটি সেই প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণেই তিনি সিনেমাটির প্রদর্শন ...

চিত্রনায়িকা মৌসুমী অভিনীত সিনেমা কন্ট্রাক্ট ম্যারেজ মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে। ছবিটির প্রদর্শন বন্ধের দাবি জানিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মৌসুমী ও তার স্বামী, চিত্রনায়ক ওমর সানী।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওমর সানী বলেন, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ আদতে কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা নয়; এটি যুক্তরাষ্ট্রে শুটিং করা একটি নাটক। তার দাবি, দর্শক যেভাবে মৌসুমীকে বড় পর্দায় দেখতে অভ্যস্ত, এই কাজটি সেই প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণেই তিনি সিনেমাটির প্রদর্শন বন্ধের অনুরোধ জানান।

একই ভিডিওতে ভয়েস ওভারের মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন মৌসুমী। তিনি জানান, কাজটি মূলত এক ঘণ্টার একটি নাটক হিসেবে শুটিং করা হয়েছিল। পরিচালকের অনুরোধে তিনি এতে অভিনয় করেন এবং কয়েকদিনের মধ্যেই শুটিং শেষ করেন। পরবর্তীতে পরিচালক জানান, ফুটেজ বেশি হওয়ায় এটিকে টেলিফিল্ম হিসেবে মুক্তি দিতে চান এবং সে অনুযায়ী পারিশ্রমিক দেওয়ার কথাও বলেন।

মৌসুমীর অভিযোগ, পরবর্তীতে তার অজান্তেই কাজটি সিনেমা হিসেবে মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেন্সর সার্টিফিকেটও সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, পুরো বিষয়টি তার জন্য অস্বস্তিকর এবং এতে তাকে ‘কাটপিসের মতো’ ব্যবহার করা হয়েছে বলে তার মনে হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিল্পী ও প্রযোজক সমিতিগুলোর দৃষ্টি আকর্ষণ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

ওমর সানী আরও জানান, ইতোমধ্যে বিভিন্ন শিল্পী ও প্রযোজক সংগঠনের কাছে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। প্রয়োজন হলে আইনের আশ্রয় নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

পরিচালক হাসান জাহাঙ্গীর–এর নির্মাণে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। উল্লেখ্য, এর আগে মৌসুমীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে সোনার চর সিনেমায়।