‘গার্লফ্রেন্ড কালচার’ ঘিরে বিতর্ক: কঠোর নীতির পথে বিসিসিআই
খেলাধূলা ডেস্ক : চলতি আইপিএলে ক্রিকেটারদের সঙ্গে তাদের প্রেমিকাদের নিয়মিত উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে তুমুল আলোচনা ও বিতর্ক। স্টেডিয়াম থেকে শুরু করে টিম হোটেল—একাধিক ম্যাচে তারকা ক্রিকেটারদের বান্ধবীদের দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে দলের শৃঙ্খলা ও ম্যাচ প্রস্তুতির ওপর প্রভাব নিয়ে। এমন পরিস্থিতিতে ‘গার্লফ্রেন্ড কালচার’ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে যেতে চলেছে বিসিসিআই।
চলতি আইপিএল–এ হার্দিক পাণ্ডিয়া, যশস্বী জয়েসওয়াল, ঈশান কিশান, আর্শদীপ সিংসহ একাধিক ক্রিকেটারকে ঘন ঘন তাদের বান্ধবীদের সঙ্গে দেখা গেছে। ...
খেলাধূলা ডেস্ক : চলতি আইপিএলে ক্রিকেটারদের সঙ্গে তাদের প্রেমিকাদের নিয়মিত উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে তুমুল আলোচনা ও বিতর্ক। স্টেডিয়াম থেকে শুরু করে টিম হোটেল—একাধিক ম্যাচে তারকা ক্রিকেটারদের বান্ধবীদের দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে দলের শৃঙ্খলা ও ম্যাচ প্রস্তুতির ওপর প্রভাব নিয়ে। এমন পরিস্থিতিতে ‘গার্লফ্রেন্ড কালচার’ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে যেতে চলেছে বিসিসিআই।
চলতি আইপিএল–এ হার্দিক পাণ্ডিয়া, যশস্বী জয়েসওয়াল, ঈশান কিশান, আর্শদীপ সিংসহ একাধিক ক্রিকেটারকে ঘন ঘন তাদের বান্ধবীদের সঙ্গে দেখা গেছে। বোর্ডের ধারণা, এই প্রবণতা ড্রেসিংরুমের পরিবেশ, দলের শৃঙ্খলা এবং ম্যাচের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সে কারণেই ‘গার্লফ্রেন্ড সংস্কৃতি’ নিয়ে নতুন ও স্পষ্ট নিয়ম আনার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে বিসিসিআই যথেষ্ট উদ্বিগ্ন। বোর্ডের আশঙ্কা, এখনই যদি এ বিষয়ে লাগাম না টানা হয়, ভবিষ্যতে তা আরও বড় সমস্যার রূপ নিতে পারে।
এ প্রসঙ্গে বিসিসিআইয়ের এক উচ্চপদস্থ কর্তা জানান, “এখন টিম বাস পর্যন্ত অপেক্ষা করানো হচ্ছে, এমনকি অনেক ক্ষেত্রে খেলোয়াড়দের সঙ্গে একই হোটেলে থাকার ঘটনাও সামনে আসছে। বিসিসিআইয়ের নীতিমালায় এমন কোনো নিয়ম নেই। শুধু স্ত্রী ও পরিবারের সদস্যদেরই নির্দিষ্ট নিয়মের আওতায় অনুমতি দেওয়া হয়। তাহলে এই অনুমোদন এল কোথা থেকে—তা খতিয়ে দেখা দরকার।”
প্রতিবেদন অনুযায়ী, কিছু ক্ষেত্রে অ্যান্টি করাপশন ইউনিট–এর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও অভিযোগ উঠেছে, যারা নাকি ক্রিকেটারদের সঙ্গে তাদের প্রেমিকাদের থাকার অনুমতি দিয়েছেন। এতে করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের উপস্থিতির কারণে ম্যাচ সংক্রান্ত সংবেদনশীল তথ্য ফাঁসের ঝুঁকিও বাড়তে পারে বলে আশঙ্কা করছে বোর্ড।
সূত্রের খবর, বিসিসিআইয়ের আসন্ন বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। শুধু আইপিএল নয়, ভারতীয় দলের বিদেশ সফরেও নতুন নিয়মাবলি জারি করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি অ্যান্টি করাপশন ইউনিটের জন্যও আলাদা নির্দেশিকা দেওয়ার চিন্তাভাবনা করছে ভারতীয় বোর্ড।
সব মিলিয়ে, ‘গার্লফ্রেন্ড কালচার’ ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার নীতিগতভাবে কড়াকড়ি আরোপের পথে হাঁটতে যাচ্ছে বিসিসিআই—এমনটাই মনে করছেন ক্রিকেট মহল।
