একাধিকবার মুক্তির তারিখ পেছানোর পর অবশেষে বড় পর্দায় আসতে যাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা বনলতা সেন। কবি জীবনানন্দ দাশ–এর কালজয়ী কবিতার রহস্যময় নারীর চরিত্র অবলম্বনে নির্মিত এই সিনেমাটি আসন্ন ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা করা হয়েছে।

গত শুক্রবার (১৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির একটি বিশেষ পোস্টার প্রকাশ করে মুক্তির বিষয়টি নিশ্চিত করেন প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তবে মুক্তির ঘোষণা আসার পরপরই সিনেমাটিকে ঘিরে নতুন করে আইনি জটিলতার খবর সামনে ...

একাধিকবার মুক্তির তারিখ পেছানোর পর অবশেষে বড় পর্দায় আসতে যাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা বনলতা সেন। কবি জীবনানন্দ দাশ–এর কালজয়ী কবিতার রহস্যময় নারীর চরিত্র অবলম্বনে নির্মিত এই সিনেমাটি আসন্ন ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা করা হয়েছে।

গত শুক্রবার (১৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির একটি বিশেষ পোস্টার প্রকাশ করে মুক্তির বিষয়টি নিশ্চিত করেন প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তবে মুক্তির ঘোষণা আসার পরপরই সিনেমাটিকে ঘিরে নতুন করে আইনি জটিলতার খবর সামনে আসে। জানা গেছে, সিনেমাটির সহ-প্রযোজক তরুণ মজুমদার পুনরায় আদালতের দ্বারস্থ হওয়ায় মুক্তি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

ক্যারিয়ারের শুরুতেই আয়নাবাজি দিয়ে দর্শকপ্রিয়তা পাওয়া নাবিলা দীর্ঘ বিরতির পর এই সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন। আইনি জটিলতা সত্ত্বেও বিষয়টি নিয়ে আশাবাদী অভিনেত্রী।

সিনেমার মুক্তি প্রসঙ্গে সংবাদমাধ্যমকে নাবিলা বলেন,“ঈদে দ্বিতীয়বার আমার সিনেমা মুক্তি পাওয়ার কথা—এটা সত্যিই আনন্দের। তবে দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে ফিরছি বলে একটু নার্ভাসও লাগছে। সিনেমাটি মুক্তি নিয়ে শঙ্কার কিছু নেই। আমি যতটুকু জানি, সব সমস্যার সমাধান হওয়ার পরই মুক্তির ঘোষণা ও পোস্টার প্রকাশ করা হয়েছে। আশা করছি, নির্ধারিত সময়েই সিনেমাটি দর্শকের সামনে আসবে।”

ঈদের অন্য সিনেমার সঙ্গে প্রতিযোগিতা প্রসঙ্গে তিনি আরও বলেন,“দর্শক এখন নানা ঘরানার সিনেমা দেখছেন। এটা প্রমাণিত যে ভালো সিনেমা দর্শক ঠিকই গ্রহণ করেন। এবারও সেই ধারাবাহিকতা থাকবে বলে বিশ্বাস করি।”

উল্লেখ্য, ২০২১–২২ অর্থবছরে ৭০ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া এই সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল ২০২৪ সালেই সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলেন, তবে দেশের তৎকালীন পরিস্থিতির কারণে তা কয়েক দফা পিছিয়ে যায়।

সিনেমাটিতে কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ ও শরিফ সিরাজ।