অর্থ বাণিজ্য প্রতিবেদক :   ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত আনোয়ার বলেন, কর্পোরেট পরিচালনা পর্ষদে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এখন সময়ের দাবি। তাঁর মতে, বোর্ডে নারীদের সক্রিয় উপস্থিতি পেশাদারিত্ব, স্বচ্ছতা ও কার্যকর নেতৃত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গত রবিবার (১৭ মে) কর্পোরেট নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বকে উৎসাহিত করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন এবং ডিএসইর যৌথ উদ্যোগে “ওমেন্স অন বোর্ডস (ডব্লিউওবি)” শীর্ষক অনুষ্ঠান ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত আনোয়ার বলেন, কর্পোরেট পরিচালনা পর্ষদে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এখন সময়ের দাবি। তাঁর মতে, বোর্ডে নারীদের সক্রিয় উপস্থিতি পেশাদারিত্ব, স্বচ্ছতা ও কার্যকর নেতৃত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গত রবিবার (১৭ মে) কর্পোরেট নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বকে উৎসাহিত করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন এবং ডিএসইর যৌথ উদ্যোগে “ওমেন্স অন বোর্ডস (ডব্লিউওবি)” শীর্ষক অনুষ্ঠান তিনি এ কথা বলেন। ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাস-এর সহায়তায় অনুষ্ঠানটি ঢাকার নিকুঞ্জে অবস্থিত ডিএসই টাওয়ারের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় আইসিএবি, আইসিএমএবি, এসিসিএ’র সদস্যসহ বিভিন্ন তালিকাভুক্ত কোম্পানির শীর্ষস্থানীয় নারী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ডিএসই’র এমডি নুজহাত আনোয়ার বলেন, কর্পোরেট বোর্ডে নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে দক্ষ নারী পেশাজীবীদের নিয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক ও ডেটাবেস গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন পেশাগত ফোরামে সক্রিয় থাকা, আত্মবিশ্বাসের সঙ্গে মতামত প্রকাশ এবং প্রশ্ন করার আহ্বান জানান তিনি।

কর্মশালায় কর্পোরেট সুশাসন ও নেতৃত্ব বিষয়ে একাধিক ইন্টারেক্টিভ সেশন পরিচালনা করেন খ্যাতনামা পেশাজীবী ও সুশাসন বিশেষজ্ঞরা। আইএফসি সাউথ এশিয়ার কর্পোরেট গভর্ন্যান্স অ্যাডভাইজরি লোপা রহমান কর্পোরেট সুশাসনে পরিচালনা পর্ষদের ভূমিকা, পরিচালকদের দায়িত্ব ও আইনগত দায়বদ্ধতা নিয়ে আলোচনা করেন। তিনি সুশাসন কাঠামো, সাসটেইনেবিলিটি স্ট্যান্ডার্ড, ইএসজি চর্চা এবং কার্যকর বোর্ড পরিচালনার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

আর্থিক সুশাসন বিষয়ে সেশন পরিচালনা করেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ-এর কাউন্সিল সদস্য, জেন্ডার ইনক্লুশন অ্যান্ড লিডারশিপ কমিটির চেয়ারম্যান এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক জারিন মাহমুদ হোসেন। তিনি প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে পরিচালনা পর্ষদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ডিএসই’র প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. আবিদ হোসেন খান বলেন, দেশের তালিকাভুক্ত কোম্পানিগুলো দ্রুত অগ্রসর হলেও টেকসই উন্নয়নের জন্য বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি ও শক্তিশালী নেতৃত্ব অপরিহার্য। তাঁর মতে, বৈচিত্র্যময় বোর্ড ঝুঁকি ব্যবস্থাপনা, কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইতোমধ্যে তৈরি পোশাক, টেক্সটাইল, টেলিযোগাযোগ ও ব্যাংকিং খাতে নারীদের সফল নেতৃত্ব তার প্রমাণ দিয়েছে। এখন প্রয়োজন বোর্ডরুমে নারীদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।