শেয়ারবাজারে অনিয়ম: ৩ কোম্পানির ২২ জনকে আর্থিক দণ্ড
অর্থ বাণিজ্য প্রতিবেদক : সিকিউরিটিজ আইন ও বিধি-বিধান লঙ্ঘনের দায়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির পরিচালক ও শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থদণ্ডসহ একাধিক শাস্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ :
বিএসইসি জানায়, ৩০ জুন ২০২৩ সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে Khan Brothers PP Woven Bag Industries Limited-এর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ মোট সাতজন পরিচালক ও ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : সিকিউরিটিজ আইন ও বিধি-বিধান লঙ্ঘনের দায়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির পরিচালক ও শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থদণ্ডসহ একাধিক শাস্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ :
বিএসইসি জানায়, ৩০ জুন ২০২৩ সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে Khan Brothers PP Woven Bag Industries Limited-এর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ মোট সাতজন পরিচালক ও কর্মকর্তাকে অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এর মধ্যে চেয়ারম্যান মোহাম্মদ এনামুল কবির খান, ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খান এবং ৩ জন পরিচালককে প্রত্যেককে ২৫ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তাকে (সিএফও) ১০ লাখ টাকা এবং কোম্পানি সেক্রেটারিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অর্থাৎ খান ব্রাদার্সের ৭ জনকে ১ কোটি ৪৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া উচিত।
জেনেক্স ইনফোসিস :
৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেও নির্ধারিত সময়ে তা পরিশোধে ব্যর্থ হওয়ায় Genex Infosys PLC-এর তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কমিশন।
এ ঘটনায় কোম্পানির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক, চারজন পরিচালক, তৎকালীন সিএফও ও কোম্পানি সেক্রেটারিকে প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আফতাব অটো :
৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে আংশিক পরিশোধ করায় Aftab Automobiles Ltd.-এর বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে বিএসইসি।
কোম্পানিটি ঘোষিত মোট ৭ কোটি ৪৫ লাখ ৯৫ হাজার ৪৬৪ টাকার মধ্যে ৬ কোটি ২৯ লাখ ১৩ হাজার ৮১৪ টাকা পরিশোধ করলেও অবশিষ্ট ১ কোটি ১৬ লাখ ৮১ হাজার ৬৪৯ টাকা পরিশোধে ব্যর্থ হয়। কমিশন আদেশ জারির পরবর্তী ৩০ দিনের মধ্যে উক্ত অপরিশোধিত লভ্যাংশ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ পরিশোধে ব্যর্থ হলে চেয়ারম্যান শফিউল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামকে ৩০ লাখ টাকা করে, তিনজন পরিচালককে ২০ লাখ টাকা করে, তৎকালীন সিএফওকে ১০ লাখ টাকা এবং কোম্পানি সেক্রেটারিকে ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে মোট ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা দিতে হবে।
এছাড়া নির্ধারিত সময়ে অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে প্রতিদিন অতিরিক্ত ১০ হাজার টাকা করে জরিমানা আরোপের সিদ্ধান্তও গৃহীত হয়েছে। তবে অর্থদণ্ড আরোপের ফলে কোম্পানি অবণ্টিত লভ্যাংশ পরিশোধের দায় থেকে অব্যাহতি পাবে না বলেও স্পষ্ট করেছে কমিশন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এসব শাস্তিমূলক সিদ্ধান্ত পুঁজিবাজারে সুশাসন জোরদার এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
