লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) নতুন মৌসুমের আগে দল পেয়ে গেলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সরাসরি চুক্তিতে তিনি যোগ দিয়েছেন জাফনা কিংস-এ। শুক্রবার নিজেদের ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছে লঙ্কা প্রিমিয়ার লিগ।

এলপিএলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়, “কিংসে যোগ দিলেন গ্লোবাল টি-টোয়েন্টি মায়েস্ত্রো। এলপিএল ২০২৬ সামনে রেখে জাফনা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব আল হাসান।”

পোস্টে আরও লেখা হয়, “দলের যখন স্থায়িত্ব প্রয়োজন, তখন আসে রান। খেলার যখন ...

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) নতুন মৌসুমের আগে দল পেয়ে গেলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সরাসরি চুক্তিতে তিনি যোগ দিয়েছেন জাফনা কিংস-এ। শুক্রবার নিজেদের ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছে লঙ্কা প্রিমিয়ার লিগ।

এলপিএলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়, “কিংসে যোগ দিলেন গ্লোবাল টি-টোয়েন্টি মায়েস্ত্রো। এলপিএল ২০২৬ সামনে রেখে জাফনা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব আল হাসান।”

পোস্টে আরও লেখা হয়, “দলের যখন স্থায়িত্ব প্রয়োজন, তখন আসে রান। খেলার যখন ব্রেকথ্রু দরকার, তখন আসে উইকেট। আর চাপের মুহূর্তে যখন পরিস্থিতি চরমে পৌঁছায়, তখনই দেখা যায় তার অসাধারণ আত্মসংযম।”

সাকিবকে প্রশংসায় ভাসিয়ে আয়োজকরা আরও উল্লেখ করে, “টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ও পরিপূর্ণ অলরাউন্ডারকে দলে ভেড়ানোর মাধ্যমে জাফনা কিংস তাদের ইতিমধ্যেই শক্তিশালী স্কোয়াডে বাড়তি শক্তি যোগ করল।”

এর আগে ২০২৩ সালে এলপিএলে অংশ নিয়েছিলেন সাকিব আল হাসান। সে আসরে তিনি গল টাইটান্স-এর হয়ে খেলেছিলেন।

নতুন দলে সাকিবের অন্তর্ভুক্তি জাফনা কিংসের শিরোপা প্রত্যাশাকে আরও শক্ত ভিত্তি দেবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।