কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমাটি ঘিরে চলমান বিতর্কের মধ্যেই দেশের প্রেক্ষাগৃহে শুরু হয়েছে এর প্রদর্শনী। তবে মুক্তির প্রথম দিনেই হতাশাজনক চিত্র দেখা গেছে কুমিল্লার একমাত্র সিনেপ্লেক্সে—একটিও টিকিট বিক্রি হয়নি।

এর আগে সিনেমাটির সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিত করেছিল বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। তবে গত বৃহস্পতিবার হাইকোর্ট তিন মাসের জন্য সেই সিদ্ধান্ত স্থগিত করেন। এর পরদিন শুক্রবার দেশের ১৬টি হলে ছবিটি মুক্তি পায়।

এই ১৬টি হলের মধ্যে একমাত্র সিনেপ্লেক্স হিসেবে কুমিল্লার কে-স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। প্রথম দিন ...

কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমাটি ঘিরে চলমান বিতর্কের মধ্যেই দেশের প্রেক্ষাগৃহে শুরু হয়েছে এর প্রদর্শনী। তবে মুক্তির প্রথম দিনেই হতাশাজনক চিত্র দেখা গেছে কুমিল্লার একমাত্র সিনেপ্লেক্সে—একটিও টিকিট বিক্রি হয়নি।

এর আগে সিনেমাটির সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিত করেছিল বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। তবে গত বৃহস্পতিবার হাইকোর্ট তিন মাসের জন্য সেই সিদ্ধান্ত স্থগিত করেন। এর পরদিন শুক্রবার দেশের ১৬টি হলে ছবিটি মুক্তি পায়।

এই ১৬টি হলের মধ্যে একমাত্র সিনেপ্লেক্স হিসেবে কুমিল্লার কে-স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। প্রথম দিন সেখানে তিনটি শো এবং শনিবার দুটি শো নির্ধারিত ছিল। তবে হল কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত একটি টিকিটও বিক্রি হয়নি।

হলটির ম্যানেজার আমিনুল ইসলাম বলেন, “শুক্রবার তিনটি শোর একটিও টিকিট বিক্রি হয়নি। শনিবার সকাল সাড়ে ১০টার শোতেও একই অবস্থা। সন্ধ্যার শো নিয়েও কোনো আশার আলো দেখছি না। বিষয়টি সত্যিই হতাশাজনক।”

১৬ মে মুক্তির কথা থাকলেও তার আগের দিন ১৫ মে সিনেমাটির সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিত করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অভিনেত্রী জেবা জান্নাত-এর লিখিত অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সিনেমাটি দেশের কোনো প্রেক্ষাগৃহ বা অন্য কোনো মাধ্যমে প্রদর্শন করা যাবে না।

এরপর সিনেমার পরিচালক হাসান জাহাঙ্গীর এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করলে হাইকোর্ট তা স্থগিত করেন। বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী নকিব সাইফুল ইসলাম।

গত কয়েক সপ্তাহ ধরে সিনেমাটি নানা বিতর্কে জড়িয়েছে। এর আগে চিত্রনায়িকা মৌসুমী অভিযোগ করেন, এটি সিনেমা নয়—নাটকের কথা বলে যুক্তরাষ্ট্রে শুটিং করা হয়েছিল।

পরবর্তীতে জেবা জান্নাত অভিযোগ করেন, সিনেমার পোস্টারে তাঁকে দেখানো হলেও তিনি এ বিষয়ে কিছুই জানেন না এবং ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে কোনো সিনেমা বা নাটকে তিনি অভিনয় করেননি। এ নিয়ে তিনি চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন এবং অ্যাক্টরস ইকুইটি-তে লিখিত অভিযোগ করেন।

এ ছাড়া অভিনেতা সিয়াম মৃধা-ও সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ তুলে বলেন, একটি টেলিভিশন সিরিয়ালের কাজের কথা বলে সিনেমার বড় অংশ ধারণ করা হয়েছে।

সব মিলিয়ে আইনি জটিলতা ও বিতর্কের ছায়া কাটেনি এখনো। এর প্রভাব পড়ছে দর্শক আগ্রহ ও টিকিট বিক্রিতেও—যার প্রমাণ কুমিল্লার কে-স্ক্রিনের শূন্য হল।