আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অ্যাকশন-থ্রিলারধর্মী চলচ্চিত্র তছনছ। ছবিটির মুক্তির আগের দিন মঙ্গলবার রাজধানীর মগবাজারের একটি রেস্টুরেন্টে সিনেমাটির প্রেস মিটের আয়োজন করে প্রযোজনা সংস্থা মুন্না খান মাল্টিমিডিয়া।

অনুষ্ঠানটি বিকাল ৪টায় শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়। এতে উপস্থিত ছিলেন নির্মাতা বদিউল আলম খোকন, শিবা সানু, মারুফ আকিব এবং প্রযোজক ও চিত্রনায়ক **মুন্না খান**সহ সিনেমার ...

আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অ্যাকশন-থ্রিলারধর্মী চলচ্চিত্র তছনছ। ছবিটির মুক্তির আগের দিন মঙ্গলবার রাজধানীর মগবাজারের একটি রেস্টুরেন্টে সিনেমাটির প্রেস মিটের আয়োজন করে প্রযোজনা সংস্থা মুন্না খান মাল্টিমিডিয়া।

অনুষ্ঠানটি বিকাল ৪টায় শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়। এতে উপস্থিত ছিলেন নির্মাতা বদিউল আলম খোকন, শিবা সানু, মারুফ আকিব এবং প্রযোজক ও চিত্রনায়ক **মুন্না খান**সহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা। তবে নির্ধারিত সময়েও অনুষ্ঠানে উপস্থিত হননি চিত্রনায়িকা ববি হক

এ বিষয়ে মুন্না খান জানান, সংবাদ সম্মেলনের এক ঘণ্টা আগেও ববি হকের সঙ্গে তার যোগাযোগ হয়েছিল। সে সময় ববি হক তাকে জানিয়েছিলেন যে তিনি পথে আছেন এবং অনুষ্ঠানে যোগ দেবেন। তবে দীর্ঘ সময় অপেক্ষা করার পরও তিনি উপস্থিত না হওয়ায় বাধ্য হয়ে প্রেস মিট শুরু করতে হয়।

মুন্না খান বলেন, “কেন তিনি অনুষ্ঠানে আসেননি, তা যাচাই করা হবে। যদি প্রমাণ হয় তিনি ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত ছিলেন, তাহলে শিল্পী সমিতি ও প্রযোজক সমিতিতে লিখিত অভিযোগ জানানো হবে। সেখানেও যদি সমাধান না আসে, তাহলে ঈদের পর ৪ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করা হবে।”

তিনি আরও অভিযোগ করেন, তার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করা হচ্ছে। ববি হকের অনুপস্থিতি যদি সেই ষড়যন্ত্রের অংশ হয়ে থাকে এবং সংশ্লিষ্ট সমিতিগুলো কোনো ব্যবস্থা না নেয়, তাহলে ভবিষ্যতে তিনি আর নতুন সিনেমা নির্মাণে বিনিয়োগ করবেন না বলেও হুঁশিয়ারি দেন।