ভুল বোঝাবুঝি নিরসনের আশ্বাস, আপাতত স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’
ভেন্যু কর্তৃপক্ষের অনুমতি প্রত্যাহার এবং উদ্ভূত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শনিবার (৩০ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, ভেন্যু-সংক্রান্ত জটিলতা তৈরি হওয়ায় ২৯ মে ২০২৬ স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল এবং প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নাগরিকদের ...

এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নাগরিকদের কাছে দুঃখ প্রকাশ করে ফিল্ম সোসাইটি জানিয়েছে, ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দ্রুতই নতুন সূচি প্রকাশ করা হবে।
সংগঠনটির ভাষ্য, ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি শিল্প-সংস্কৃতিচর্চায় আগ্রহী সচেতন নাগরিকদের একটি প্ল্যাটফর্ম। নিয়মিতভাবে বিশ্বমানের ও শিক্ষণীয় চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে দর্শকদের মধ্যে শিল্প-সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি করাই তাদের লক্ষ্য।
‘ভাতঘুমের সিনেমা আড্ডা’ শীর্ষক নিয়মিত আয়োজনের অংশ হিসেবে নবম প্রদর্শনীতে তানিম নূর পরিচালিত আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ দেখানোর পরিকল্পনা ছিল। আগামী ৩০ মে বিকেল ৩টায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ফিল্ম সোসাইটির দাবি, কর্মসূচির ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গোষ্ঠী আয়োজনটি নিয়ে ভুল তথ্য এবং কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃত মিথ্যা প্রচার চালিয়েছে। পাশাপাশি কয়েকটি ভুয়া আইডি থেকেও কর্মসূচিটিকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে।
তারা বলেছে, সিনেমা দেখা ও প্রদর্শন বাংলাদেশের আইনে বৈধ সাংস্কৃতিক কর্মকাণ্ড। ধর্মীয় অনুভূতির প্রতি সংগঠনটি সর্বদা শ্রদ্ধাশীল এবং কোনো ধরনের বিভ্রান্তিকর প্রচারণাকে সমর্থন করে না।
বিবৃতিতে আরও বলা হয়, অনলাইন বিভ্রান্তি ও উসকানির বিরুদ্ধে তারা সচেতন অবস্থান নিয়েছে এবং কোনো ধরনের সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করতে বদ্ধপরিকর।
ফিল্ম সোসাইটির মতে, একটি ভালো চলচ্চিত্র মানুষের জীবনবোধকে সমৃদ্ধ করে এবং অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার সুযোগ তৈরি করে। সেই বিশ্বাস থেকেই ‘ভাতঘুমের সিনেমা আড্ডা’ কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে আটটি সফল চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।