মূল আয়ে পতন সত্ত্বেও মুনাফায় উত্থান
নিট সুদজনিত আয় কমে গেলেও বিনিয়োগজনিত ও কমিশন আয়ের উল্লেখযোগ্য প্রবৃদ্ধিতে ২০২৫ সালে নিট মুনাফা বাড়াতে সক্ষম হয়েছে ব্র্যাক ব্যাংক। আগের বছরের ১ হাজার ২২৯ কোটি ৬২ লাখ টাকা থেকে ব্যাংকটির নিট মুনাফা বেড়ে ২০২৫ সালে দাঁড়িয়েছে ১ হাজার ৮১৬ কোটি ২৭ লাখ টাকায়।
ব্যাংকটির আর্থিক বিবরণী অনুযায়ী, ২০২৪ সালে নিট সুদজনিত আয় ছিল ১ হাজার ৬৪৫ কোটি ৩৬ লাখ টাকা। তবে ২০২৫ সালে তা কমে দাঁড়ায় ১ হাজার ৬০৩ কোটি ...
নিট সুদজনিত আয় কমে গেলেও বিনিয়োগজনিত ও কমিশন আয়ের উল্লেখযোগ্য প্রবৃদ্ধিতে ২০২৫ সালে নিট মুনাফা বাড়াতে সক্ষম হয়েছে ব্র্যাক ব্যাংক। আগের বছরের ১ হাজার ২২৯ কোটি ৬২ লাখ টাকা থেকে ব্যাংকটির নিট মুনাফা বেড়ে ২০২৫ সালে দাঁড়িয়েছে ১ হাজার ৮১৬ কোটি ২৭ লাখ টাকায়।
ব্যাংকটির আর্থিক বিবরণী অনুযায়ী, ২০২৪ সালে নিট সুদজনিত আয় ছিল ১ হাজার ৬৪৫ কোটি ৩৬ লাখ টাকা। তবে ২০২৫ সালে তা কমে দাঁড়ায় ১ হাজার ৬০৩ কোটি ২৬ লাখ টাকায়। বিপরীতে, বিনিয়োগ ও কমিশন খাতে আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
২০২৪ সালে যেখানে বিনিয়োগজনিত আয় ছিল ২ হাজার ৮৮১ কোটি ২৫ লাখ টাকা, ২০২৫ সালে তা বেড়ে হয়েছে ৪ হাজার ৭৭৮ কোটি ১৬ লাখ টাকা। একই সময়ে কমিশনজনিত আয় ১ হাজার ৮৮১ কোটি ২২ লাখ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১২৩ কোটি ৭৫ লাখ টাকায়।
২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির মোট ঋণ বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৩ হাজার ১৪০ কোটি ৮৩ লাখ টাকা। এর মধ্যে ৩৩টি গ্রুপ অব প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে ১৬ হাজার ৬০৬ কোটি ৯৬ লাখ টাকা।
সবচেয়ে বেশি ঋণ দেওয়া হয়েছে বিএডিসি গ্রুপকে। এ গ্রুপে ব্র্যাক ব্যাংকের মোট ঋণের পরিমাণ (ফান্ডেড ও নন-ফান্ডেড মিলিয়ে) ১ হাজার ২৪৭ কোটি ৮১ লাখ টাকা। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে বিএসআরএম গ্রুপ, যাদের ঋণ ১ হাজার ১৯১ কোটি ৬৪ লাখ টাকা। তৃতীয় সর্বোচ্চ ঋণ পেয়েছে মেঘনা গ্রুপ—১ হাজার ২৮ কোটি ৬৫ লাখ টাকা।
২০২৫ সালে বিনিয়োগজনিত আয় অর্জনের জন্য ব্যাংকটি সরকারি সিকিউরিটিজে মোট ৪০ হাজার ৬৪৭ কোটি টাকা বিনিয়োগ করেছে। এর মধ্যে ট্রেজারি বন্ডে ৩৮ হাজার ২৪৮ কোটি টাকা, ট্রেজারি বিলে ২ হাজার ৩৯৮ কোটি ৫৬ লাখ টাকা এবং প্রাইজ বন্ডে ৪৮ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে।
উল্লেখ্য, ব্যাংকিং নীতিমালা অনুযায়ী কোনো একক গ্রাহক বা গ্রুপকে মূলধনের ১০ শতাংশ বা তার বেশি ঋণ দেওয়া হলে তা বড় ঋণ (লার্জ লোন) হিসেবে বিবেচিত হয়। ফান্ডেড ঋণ বলতে সরাসরি নগদ ঋণ বিতরণকে বোঝানো হয় এবং নন-ফান্ডেড ঋণের মধ্যে এলসি, ব্যাংক গ্যারান্টিসহ বিভিন্ন দায় অন্তর্ভুক্ত থাকে।
১৯৯৯ সালে যাত্রা শুরু করা ব্র্যাক ব্যাংকের বর্তমানে ১৯৪টি শাখা ও ১১৬টি উপশাখা রয়েছে। পাশাপাশি ব্যাংকটির রয়েছে ২৮১টি এরিয়া অফিস, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ৩২৯টি এটিএম বুথ এবং ১ হাজার ১২২টি এজেন্ট আউটলেট।
