২০২৬ সালের মে মাসে দেশে সামগ্রিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪২ শতাংশে। রোববার (৭ জুন) প্রকাশিত সর্বশেষ তথ্যে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বিবিএসের তথ্য অনুযায়ী, এর আগের মাস এপ্রিল ২০২৬-এ পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ০৪ শতাংশ। আর ২০২৫ সালের মে মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ০৫ শতাংশ। সে হিসাবে চলতি বছরের মে মাসে মূল্যস্ফীতি সামান্য বেড়েছে।

মে মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ ...

২০২৬ সালের মে মাসে দেশে সামগ্রিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪২ শতাংশে। রোববার (৭ জুন) প্রকাশিত সর্বশেষ তথ্যে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বিবিএসের তথ্য অনুযায়ী, এর আগের মাস এপ্রিল ২০২৬-এ পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ০৪ শতাংশ। আর ২০২৫ সালের মে মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ০৫ শতাংশ। সে হিসাবে চলতি বছরের মে মাসে মূল্যস্ফীতি সামান্য বেড়েছে।

মে মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৬ শতাংশে, যা এপ্রিল মাসে ছিল ৮ দশমিক ৩৯ শতাংশ। একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ৭১ শতাংশ, যা আগের মাসে ছিল ৯ দশমিক ৫৭ শতাংশ।

বিবিএস জানায়, দেশের ৬৪টি জেলার তথ্যের ভিত্তিতে মে মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রস্তুত করা হয়েছে।

গ্রাম-শহরভেদে মূল্যস্ফীতির চিত্র

গ্রামীণ এলাকায় মে মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪৮ শতাংশে, যা এপ্রিল মাসে ছিল ৯ দশমিক ০৫ শতাংশ।এ সময়ে গ্রামীণ খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ২৩ শতাংশ থেকে বেড়ে ৮ দশমিক ৯৫ শতাংশে পৌঁছেছে। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ, যা এপ্রিল মাসে ছিল ৯ দশমিক ৮১ শতাংশ।

অন্যদিকে, শহরাঞ্চলে মে মাসে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ২৫ শতাংশে, যা এপ্রিল মাসে ছিল ৯ দশমিক ০২ শতাংশ। তবে এটি ২০২৫ সালের মে মাসের ৯ দশমিক ৫০ শতাংশের তুলনায় কম।

শহরাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ২৯ শতাংশ, যা আগের মাসে ছিল ৮ দশমিক ৮১ শতাংশ। একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ১৫ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ২৪ শতাংশে দাঁড়িয়েছে।

গড় মূল্যস্ফীতি কমার ধারা অব্যাহত

যদিও মে মাসে মাসভিত্তিক মূল্যস্ফীতি বেড়েছে, তবে ১২ মাসের গড় মূল্যস্ফীতির হার কমার ধারা বজায় রয়েছে। ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের মে পর্যন্ত সময়ে ১২ মাসের গড় মূল্যস্ফীতি নেমে এসেছে ৮ দশমিক ৬৩ শতাংশে, যেখানে আগের বছরের একই সময়ে এই হার ছিল ১০ দশমিক ১৩ শতাংশ।

বিবিএসের মতে, এটি বার্ষিক ভিত্তিতে মূল্যস্ফীতির চাপ ধীরে ধীরে কমার ইঙ্গিত দেয়, যদিও মাসিক মূল্যবৃদ্ধির হার এখনও তুলনামূলকভাবে বেশি রয়েছে।

মজুরি হারেও সামান্য বৃদ্ধি

এদিকে, মে মাসে জাতীয় মজুরি হার সূচক পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২১ শতাংশে, যা এপ্রিল মাসে ছিল ৮ দশমিক ১৬ শতাংশ। বিবিএস জানিয়েছে, মজুরি হার সূচকও দেশের ৬৪টি জেলার তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।