ফ্লোর প্রাইস প্রত্যাহারে বিএসইসিকে ডিবিএর ধন্যবাদ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বেক্সিমকো লিমিটেডের শেয়ারের ওপর দীর্ঘদিন ধরে বিদ্যমান ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
মঙ্গলবার (০৯ জুন ২০২৬) ডিবিএর পক্ষ থেকে পাঠানো এক লিখিত বিবৃতিতে এই কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বিবৃতিতে জানানো হয়, গত ০৪ মে ২০২৬ তারিখে পুঁজিবাজারে ফ্লোর প্রাইসজনিত অচলাবস্থা নিরসন ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বেক্সিমকো লিমিটেডের শেয়ারের ওপর দীর্ঘদিন ধরে বিদ্যমান ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
মঙ্গলবার (০৯ জুন ২০২৬) ডিবিএর পক্ষ থেকে পাঠানো এক লিখিত বিবৃতিতে এই কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বিবৃতিতে জানানো হয়, গত ০৪ মে ২০২৬ তারিখে পুঁজিবাজারে ফ্লোর প্রাইসজনিত অচলাবস্থা নিরসন এবং স্বাভাবিক লেনদেন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ডিবিএ বিএসইসির কাছে একটি আবেদনপত্র পাঠায়।
ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই আবেদনে বলা হয়, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বেক্সিমকো লিমিটেডের শেয়ারে দীর্ঘদিন ফ্লোর প্রাইস বহাল থাকায় বিক্রেতাদের স্বাভাবিক লেনদেন ব্যাহত হচ্ছে এবং বাজারে স্বাভাবিক মূল্য আবিষ্কার (প্রাইস ডিসকভারি) প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে মার্জিন ঋণগ্রহীতা বিনিয়োগকারীদের নেতিবাচক ইক্যুইটির ঝুঁকি বাড়ছে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে দেশের পুঁজিবাজার সম্পর্কে নেতিবাচক বার্তা যাচ্ছে বলেও উল্লেখ করা হয়।
ডিবিএর আবেদন ও বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিএসইসির নবনিযুক্ত কমিশন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বেক্সিমকো লিমিটেড-এর শেয়ারের ওপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তকে সময়োপযোগী আখ্যা দিয়ে ডিবিএর প্রেসিডেন্ট নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান এবং তাঁর নেতৃত্বাধীন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানান।
ডিবিএ মনে করে, এই সিদ্ধান্ত বাজারের দীর্ঘদিনের স্থবিরতা কাটাতে, স্বাভাবিক লেনদেন ফিরিয়ে আনতে এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বাজারভিত্তিক মূল্য নির্ধারণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে সহায়ক হবে।
বিবৃতিতে আরও বলা হয়, মাসুদ খানের নেতৃত্বে নতুন কমিশন ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশের পরিপন্থী বিধি-বিধান সংস্কারে কার্যকর উদ্যোগ নেবে এবং একটি স্বচ্ছ, আধুনিক ও টেকসই পুঁজিবাজার গড়ে তুলবে—এমন প্রত্যাশা ডিবিএর।
ডিবিএর পক্ষ থেকে নবনিযুক্ত চেয়ারম্যানসহ কমিশনের সকল সদস্যকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও পুঁজিবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারের স্থিতিশীলতা নিশ্চিতকরণে কমিশনের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
