অর্থ বাণিজ্য প্রতিবেদক :    তিনি আরও বলেন, শেয়ারবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের সক্রিয় আগ্রহ সাম্প্রতিক নীতিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে প্রতিফলিত হয়েছে। বিশেষ করে শেয়ারবাজার বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ এবং অর্থমন্ত্রীর বক্তব্যে বাজারের প্রতি গুরুত্ব আরোপ বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশাবাদ তৈরি করেছে।

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট দেশের শেয়ারবাজারকে আগামী দিনে আরও গতিশীল, গভীর ও বিনিয়োগবান্ধব করে তুলবে বলে মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বাজেট বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা আরও সুদৃঢ় হবে এবং বাজারের দীর্ঘমেয়াদি ও টেকসই প্রবৃদ্ধির ভিত্তি শক্তিশালী হবে বলে জানিয়েছে সংস্থাটি।

ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের ধারাবাহিক মনোযোগ, কার্যকর নীতিগত সহায়তা ও সময়োপযোগী সংস্কারমূলক পদক্ষেপের ফলে দেশের শেয়ারবাজারে ইতিবাচক পরিবর্তন আসবে। এতে বাজার পরিচালনায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা বাড়বে।

বিজ্ঞপ্তিতে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, রেগুলেটরি কর্তৃপক্ষ ও শেয়ারবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারে বাজেটে নেওয়া উদ্যোগ বাজারের আধুনিকায়নে একটি সময়োপযোগী পদক্ষেপ। এর ফলে একটি সমন্বিত ও শক্তিশালী বাজার অবকাঠামো গড়ে উঠবে, যা দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়নে সহায়ক হবে।

তিনি আরও বলেন, শেয়ারবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের সক্রিয় আগ্রহ সাম্প্রতিক নীতিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে প্রতিফলিত হয়েছে। বিশেষ করে শেয়ারবাজার বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ এবং অর্থমন্ত্রীর বক্তব্যে বাজারের প্রতি গুরুত্ব আরোপ বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশাবাদ তৈরি করেছে।

ডিএসই চেয়ারম্যান নিটা (এনআইটিএ) হিসাব পরিচালনা প্রক্রিয়া সহজীকরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ বাড়বে এবং বাজারের গভীরতা বৃদ্ধি পাবে।

এ ছাড়া তিনি জানান, ডিএসই বিদ্যমান টি+২ সেটেলমেন্ট ব্যবস্থা থেকে টি+১ এবং পর্যায়ক্রমে টি+০ ব্যবস্থায় রূপান্তরের উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে লেনদেন নিষ্পত্তি আরও দ্রুত, নিরাপদ ও দক্ষ হবে।

ডিএসই কর্তৃপক্ষের মতে, সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও সংস্কারমুখী পদক্ষেপ দেশের শেয়ারবাজারকে দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী, স্থিতিশীল ও টেকসই ভিত্তির ওপর প্রতিষ্ঠা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।