অর্থ বাণিজ্য প্রতিবেদক :   আর্থিক প্রতিবেদন প্রকাশে জটিলতা কাটিয়ে উঠছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাচ্যুত হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা আয়োজনের জন্য বিশেষ অনুমোদন দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা আর্থিক প্রতিবেদন প্রকাশ এবং লভ্যাংশ ঘোষণার পথ খুলে গেল।

রোববার (২১ জুন) বিএসইসি থেকে এই অনুমোদন দেওয়া হয় বলে সোমবার (২২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আর্থিক প্রতিবেদন প্রকাশে জটিলতা কাটিয়ে উঠছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাচ্যুত হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা আয়োজনের জন্য বিশেষ অনুমোদন দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা আর্থিক প্রতিবেদন প্রকাশ এবং লভ্যাংশ ঘোষণার পথ খুলে গেল।

রোববার (২১ জুন) বিএসইসি থেকে এই অনুমোদন দেওয়া হয় বলে সোমবার (২২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৩ জুন) বিকেলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সভায় ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি চলতি হিসাব বছরের তিন প্রান্তিক—২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সময়ের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। একই সঙ্গে সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্তও নিতে পারবে পর্ষদ।

জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে না পারায় লন্ডন স্টক এক্সচেঞ্জ-এ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের তালিকাভুক্তি ঝুঁকিতে পড়ে। গত ২ জানুয়ারি থেকে লন্ডন স্টক এক্সচেঞ্জের অলটারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (এআইএম) কোম্পানিটির গ্লোবাল ডিপোজিটারি রিসিপ্টস (জিডিআর) লেনদেন স্থগিত রয়েছে।

এআইএমের বিধান অনুযায়ী, কোনো সিকিউরিটিজের লেনদেন টানা ছয় মাস বন্ধ থাকলে তার তালিকাভুক্তি বাতিল হওয়ার ঝুঁকি তৈরি হয়। সেই হিসাবে আগামী ২ জুলাই ছয় মাসের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। এই সময়সীমার মধ্যেই পর্ষদ সভা আয়োজন ও আর্থিক প্রতিবেদন প্রকাশের সুযোগ পাওয়ায় তালিকাচ্যুতির শঙ্কা অনেকটাই কেটে গেছে।

এ পরিস্থিতিতে বেক্সিমকো ফার্মার লন্ডন-তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগকারী ছয়টি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সম্প্রতি বিএসইসি চেয়ারম্যানের কাছে চিঠি দিয়ে বিশেষ ব্যবস্থার মাধ্যমে পর্ষদ সভা আয়োজন এবং বকেয়া আর্থিক প্রতিবেদন অনুমোদনের অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতেই নিয়ন্ত্রক সংস্থা এই বিশেষ অনুমোদন দেয়।

এ বিষয়ে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আবুল কালাম বলেন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের আর্থিক প্রতিবেদন প্রকাশে যে জটিলতা তৈরি হয়েছিল, তা নিরসনে কমিশন প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। আর্থিক প্রতিবেদন প্রকাশ হলে বিনিয়োগকারীরা কোম্পানির প্রকৃত আর্থিক অবস্থা সম্পর্কে জানতে পারবেন এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের পথও সুগম হবে।

তিনি আরও বলেন, বেক্সিমকো ফার্মার মতো একটি বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে সময়মতো আর্থিক তথ্য প্রকাশ দেশের পুঁজিবাজারের ভাবমূর্তি ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।