আরমান–মুক্তি প্যানেলে কেন? মুখ খুললেন অভিনেত্রী নাসরিন
আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি-র নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরগরম বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণ। উৎসবমুখর পরিবেশে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা।
এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে অন্যতম হলো অভিনেতা, প্রযোজক ও পরিচালক আরমান এবং অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি-র নেতৃত্বাধীন আরমান–মুক্তি প্যানেল। এই প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন অভিনেত্রী নাসরিন।
এর আগে একাধিকবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলেও এবার কেন ...
আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি-র নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরগরম বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণ। উৎসবমুখর পরিবেশে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা।
এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে অন্যতম হলো অভিনেতা, প্রযোজক ও পরিচালক আরমান এবং অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি-র নেতৃত্বাধীন আরমান–মুক্তি প্যানেল। এই প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন অভিনেত্রী নাসরিন।
এর আগে একাধিকবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলেও এবার কেন প্যানেলে যোগ দিলেন—এমন প্রশ্নের জবাবে নাসরিন বলেন, “আমি যখন প্রথম নির্বাচনে দাঁড়িয়েছিলাম, তখনই নির্বাচিত হয়েছিলাম। এরপর টানা আরও তিনবার নির্বাচন করেছি। এবার চতুর্থবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছি।”
প্যানেলে যোগ দেওয়ার পেছনের কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, “নায়িকা নূতনের সঙ্গে আমার প্রথম আউটডোর শুটিংয়ের স্মৃতি রয়েছে। আরমান ভাইকে আমি আমার গুরু মনে করি। আর মুক্তি আপাকে সম্মান জানাতেই এবার তাঁর প্যানেলে এসেছি। তিনি একজন জীবন্ত কিংবদন্তি শিল্পীর কন্যা।”
অসুস্থতা সত্ত্বেও নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার বিষয়ে নাসরিন বলেন, “শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও একটি বিশেষ আশা নিয়ে নির্বাচনে এসেছি। আমাদের প্যানেল নির্বাচিত হলে আমি আরমান ভাই ও মুক্তি আপার কাছে জোরালোভাবে দাবি জানাতে পারব, যেন তাঁরা অসহায় শিল্পী ভাই-বোনদের পাশে দাঁড়ান।”
তিনি আরও জানান, শিল্পীদের নানাবিধ সমস্যা সামনে তুলে ধরাই তাঁর মূল লক্ষ্য। “শিল্পীদের সমস্যাগুলো তাঁদের সামনে তুলে ধরতে চাই। প্রয়োজনে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে সমাধানের উদ্যোগ নিতে অনুরোধ করব। আমি চাই, আমার শিল্পী ভাই-বোনদের জন্য কাজ করতে। আরমান ভাইকে অভিভাবক এবং মুক্তি আপাকে বড় বোনের মতো মনে করেই শিল্পীদের অধিকার ও কল্যাণের বিষয়ে জোরালো দাবি জানাতে চাই।”
এই লক্ষ্য নিয়েই এবারের নির্বাচনে অংশ নিয়েছেন বলে জানান অভিনেত্রী নাসরিন।