টানা দৌড়ের পর মুখ থুবড়ে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর স্টক। এআই কম্পিউটিং ক্ষমতা ও অতিরিক্ত বিনিয়োগ নিয়ে উদ্বেগের জেরে বৃহস্পতিবার এশিয়ার একাধিক বাজারে চিপ ও প্রযুক্তি সংস্থার শেয়ারে তীব্র বিক্রি দেখা গিয়েছে। তবে এই রক্তাক্ত পরিস্থিতির মধ্যেও তুলনামূলক ভাবে দৃঢ় অবস্থানে থেকেছে ভারতীয় শেয়ার বাজার।

বিশ্বের দুই বৃহত্তম সেমিকন্ডাক্টর কেন্দ্র—দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের বাজারে বড় ধস নেমেছে। দক্ষিণ কোরিয়ার বেঞ্চমার্ক সূচক KOSPI প্রায় ৮ শতাংশ পর্যন্ত নেমে গিয়েছে। একই পথে ...

টানা দৌড়ের পর মুখ থুবড়ে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর স্টক। এআই কম্পিউটিং ক্ষমতা ও অতিরিক্ত বিনিয়োগ নিয়ে উদ্বেগের জেরে বৃহস্পতিবার এশিয়ার একাধিক বাজারে চিপ ও প্রযুক্তি সংস্থার শেয়ারে তীব্র বিক্রি দেখা গিয়েছে। তবে এই রক্তাক্ত পরিস্থিতির মধ্যেও তুলনামূলক ভাবে দৃঢ় অবস্থানে থেকেছে ভারতীয় শেয়ার বাজার।

বিশ্বের দুই বৃহত্তম সেমিকন্ডাক্টর কেন্দ্র—দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের বাজারে বড় ধস নেমেছে। দক্ষিণ কোরিয়ার বেঞ্চমার্ক সূচক KOSPI প্রায় ৮ শতাংশ পর্যন্ত নেমে গিয়েছে। একই পথে হেঁটেছে তাইওয়ানের শেয়ার বাজারও।

অন্যদিকে, বৃহস্পতিবার (২ জুলাই) বাজার বন্ধ হওয়ার সময় ভারতের সূচকগুলি ছিল সবুজে। Bombay Stock Exchange-এর সেনসেক্স প্রায় ৫৮০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৭৭,৫০২.১২-এ। পাশাপাশি, National Stock Exchange-এর সূচকেও টানা দ্বিতীয় দিনের উত্থান নজরে এসেছে। লক্ষ্মীবারে এশিয়ার অস্থিরতার মধ্যেও ভারতীয় বাজারে বিনিয়োগকারীদের আস্থা অটুট থাকাই এর প্রধান কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এআই বিনিয়োগ নিয়ে বাড়ছে সংশয়

গত কয়েক মাসে এআই ঘিরে বিনিয়োগের জোয়ার দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের বাজারকে রেকর্ড উচ্চতায় পৌঁছে দিলেও, বর্তমানে সেই উচ্ছ্বাসে ভাটা পড়েছে। বহু বিনিয়োগকারীর আশঙ্কা—এআই পরিকাঠামোয় ব্যয় হয়তো খুব দ্রুত এবং মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে এই বিপুল লগ্নি আদৌ কতটা যুক্তিযুক্ত, তা নিয়েই প্রশ্ন উঠছে বাজারে।

ভারতীয় আইটি শেয়ারে জোরালো প্রত্যাবর্তন

এআই স্টকে চাপ থাকলেও ভারতের তথ্যপ্রযুক্তি খাত কার্যত উল্টো ছবি দেখিয়েছে। টানা চারটি সেশনে প্রায় ৬.৫ শতাংশ পতনের পর বৃহস্পতিবার ঘুরে দাঁড়ায় Nifty IT সূচক। দিনের এক পর্যায়ে সূচকটি ৪.৬ শতাংশ বেড়ে ২৬,৯৪৬.৩৫ পয়েন্টে পৌঁছায়।

এই পুনরুদ্ধারের নেতৃত্ব দিয়েছে দেশের প্রথম সারির আইটি সংস্থাগুলি।

Infosys-এর শেয়ার ৫ শতাংশেরও বেশি বেড়েছে।

Tata Consultancy Services (টিসিএস) এবং HCL Technologies-এর শেয়ার ৪ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

Tech Mahindra-র শেয়ারও প্রায় ৪ শতাংশ চড়েছে।

ফলে দালাল স্ট্রিটে তথ্যপ্রযুক্তি খাতই এ দিনের সেরা পারফর্মিং সেক্টর হিসেবে উঠে আসে।

সব মিলিয়ে, এআই ঘিরে বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়লেও, শক্ত ভিত ও সফটওয়্যার সংস্থাগুলির ভাল পারফরম্যান্সে আপাতত নিরাপদ আশ্রয় হিসেবেই ভারতের শেয়ার বাজারকে দেখছেন বিনিয়োগকারীরা।