বিনোদন ডেস্ক : চার বছর আগে নিজের গ্রেপ্তার ও কারাভোগের ঘটনা নিয়ে ফের মুখ খুলেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমণি। তিনি দাবি করেছেন, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে তার বাসায় পরিচালিত অভিযান এবং পরবর্তী গ্রেপ্তার ছিল বেআইনি। ওই ঘটনার কারণে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে পরীমণি বলেন, সম্প্রতি র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান ...

বিনোদন ডেস্ক : চার বছর আগে নিজের গ্রেপ্তার ও কারাভোগের ঘটনা নিয়ে ফের মুখ খুলেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমণি। তিনি দাবি করেছেন, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে তার বাসায় পরিচালিত অভিযান এবং পরবর্তী গ্রেপ্তার ছিল বেআইনি। ওই ঘটনার কারণে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে পরীমণি বলেন, সম্প্রতি র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল (অব.) খাইরুল ইসলামের একটি টকশোতে দেওয়া বক্তব্য তাকে বিষয়টি নিয়ে আবারও কথা বলতে উৎসাহিত করেছে। তার দাবি, ওই বক্তব্যে এমন কিছু তথ্য উঠে এসেছে, যা প্রমাণ করে তাকে অন্যায়ভাবে এবং বিশেষ স্বার্থে গ্রেপ্তার করা হয়েছিল।

পরীমণির ভাষ্য, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দেওয়া হয়। পরে সাত দিনের রিমান্ডে নেওয়া হয় এবং টানা ২০ দিন কারাগারে থাকতে হয়। সেই সময়ের অভিজ্ঞতা তার জীবনকে আমূল বদলে দিয়েছে এবং সেই ক্ষত আজও বহন করে চলেছেন বলে উল্লেখ করেন তিনি।

অভিনেত্রীর দাবি, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি প্রতিশোধ নয়, সত্য ও ন্যায়বিচার চান। তার ভাষায়, সত্যকে চিরদিন চাপা রাখা যায় না; একসময় না একসময় তা প্রকাশ পায়।

স্ট্যাটাসে রাষ্ট্রের উদ্দেশে একাধিক প্রশ্নও তোলেন পরীমণি। তিনি লেখেন, আদালত যদি একদিন তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েও দেয়, তবু যে সম্মান, মানসিক শান্তি ও স্বাভাবিক জীবন তিনি হারিয়েছেন, তা কি আর ফিরে পাওয়া সম্ভব? মানুষের মনে তাকে নিয়ে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তার দায় রাষ্ট্র নেবে কি না—সেই প্রশ্নও রাখেন তিনি।

পরীমণি বলেন, তিনি কখনো বিতর্কিত পরিচয়ে নয়, একজন শিল্পী হিসেবেই মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চেয়েছেন। কিন্তু একটি ঘটনার অভিঘাত তার জীবন ও ক্যারিয়ারকে ভিন্ন পথে নিয়ে গেছে। ভবিষ্যতে আর কোনো নির্দোষ মানুষ যেন এ ধরনের ঘটনার শিকার না হন, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

কঠিন সময়ে পরিবার, সহকর্মী, বন্ধু, সাংবাদিক ও ভক্তদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়ে পরীমণি বলেন, তাদের ভালোবাসা ও সমর্থনই তাকে বারবার ঘুরে দাঁড়ানোর শক্তি দিয়েছে। অতীতের ক্ষত পেছনে ফেলে তিনি এখন কাজ, সন্তান, পরিবার এবং দর্শকদের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চান।

উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমণিকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ বিচারাধীন রয়েছে। এছাড়া ঢাকা বোট ক্লাবের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি মামলাও বিচারাধীন।