উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং কর্মসংস্থান বজায় রাখতে বিশেষ সুবিধার আওতায় শেয়ারবাজারে তালিকাভুক্ত শাইনপুকুর সিরামিকস লিমিটেডকে কাঁচামাল আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এ সুবিধা পেতে প্রতিষ্ঠানটিকে সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে ১০০ শতাংশ মার্জিন জমা দিয়ে ঋণপত্র (এলসি) খুলতে হবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ সই করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এবং শিল্পের উৎপাদন ও কর্মসংস্থান অব্যাহত রাখতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ...

উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং কর্মসংস্থান বজায় রাখতে বিশেষ সুবিধার আওতায় শেয়ারবাজারে তালিকাভুক্ত শাইনপুকুর সিরামিকস লিমিটেডকে কাঁচামাল আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এ সুবিধা পেতে প্রতিষ্ঠানটিকে সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে ১০০ শতাংশ মার্জিন জমা দিয়ে ঋণপত্র (এলসি) খুলতে হবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ সই করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এবং শিল্পের উৎপাদন ও কর্মসংস্থান অব্যাহত রাখতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭কক(৩) ধারার বিধান থেকে শাইনপুকুর সিরামিকসকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এই সুবিধা শুধুমাত্র কাঁচামাল আমদানির ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

তবে এ সুবিধার সঙ্গে কয়েকটি শর্তও জুড়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে রয়েছে—শাইনপুকুর সিরামিকসের সব ধরনের বিক্রয় আয় ও অন্যান্য প্রাপ্তি নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখতে হবে। ওই হিসাব থেকে আনুপাতিক হারে সোনালী ব্যাংকের পাওনা নিয়মিত পরিশোধ করতে হবে।

এ ছাড়া এ সুবিধার কারণে অর্থ বিভাগ বা বাংলাদেশ ব্যাংকের কোনো আর্থিক দায় সৃষ্টি হবে না। একই সঙ্গে ভবিষ্যতে এ সুবিধার ভিত্তিতে সোনালী ব্যাংক সরকার বা বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো ধরনের আর্থিক সহায়তা দাবি করতে পারবে না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বয়লার আমদানিতে লাগবে প্রধান পরিদর্শকের অনুমোদন

একই দিনে জারি করা বাংলাদেশ ব্যাংকের আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বয়লার ও বয়লার কম্পোনেন্ট আমদানির আগে প্রধান বয়লার পরিদর্শকের পূর্বানুমোদন বাধ্যতামূলক। শিল্প মন্ত্রণালয়ের বয়লার শাখার গত ২৮ জুনের নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বয়লার নির্মাতাকে ড্রয়িং ও ডিজাইন অনুমোদনের সর্বোচ্চ ১২ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করতে হবে। বয়লার সরবরাহের পর নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব সনদ ও নথি ক্রেতা প্রতিষ্ঠানকে দিতে হবে এবং সংশ্লিষ্ট তথ্য প্রধান বয়লার পরিদর্শককে অবহিত করতে হবে।

এ ছাড়া শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা এবং শ্রম আইনের সব বিধান অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে। বয়লার বা এর যন্ত্রাংশ আমদানির জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন যাচাই শেষে প্রধান বয়লার পরিদর্শক অনুমোদন বা নামঞ্জুরের সিদ্ধান্ত দেবেন। আবেদন বাতিল হলে সাত কার্যদিবসের মধ্যে কারণ জানানো হবে এবং ত্রুটি সংশোধন করে পুনরায় আবেদন করার সুযোগ থাকবে। প্রয়োজনে বয়লারের মান যাচাইয়ে নির্মাতার কারখানা বা উৎপাদন প্রক্রিয়াও পরিদর্শন করতে পারবে কর্তৃপক্ষ।