আল-আরাফাহ ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরল উদ্যোক্তা পরিচালকদের হাতে
বাংলাদেশ ব্যাংক আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনার দায়িত্ব আবারও উদ্যোক্তা পরিচালকদের হাতে ফিরিয়ে দিয়েছে। এ লক্ষ্যে আগের ১২ জন উদ্যোক্তা পরিচালক এবং দুইজন স্বতন্ত্র পরিচালককে নিয়ে ১৪ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন পর্ষদে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ এবং কেডিএস টেক্সটাইলের প্রতিনিধি পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ স্থান পেয়েছেন।
এছাড়া পর্ষদের অন্য ...

এছাড়া পর্ষদের অন্য সদস্যরা হলেন ব্যাংকটির সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, এনায়েত উল্লাহ, সেলিম রহমান, আহামেদুল হক, রফিকুল ইসলাম, ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, আনোয়ার হোসাইন, আবদুস সালাম, লিয়াকত আলী চৌধুরী এবং কেওয়াই স্টিল মিলসের প্রতিনিধি পরিচালক শরিফ উদ্দিন তসলিম।
২০২৪ সালের আগস্টের পর থেকে বাংলাদেশ ব্যাংক নিয়োগ দেওয়া পাঁচজন স্বতন্ত্র পরিচালকের মাধ্যমে ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হচ্ছিল। আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট আব্দুস সামাদ লাবু। রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে খাজা শাহরিয়ারকে চেয়ারম্যান করে নতুন স্বতন্ত্র পর্ষদ গঠন করেছিল। ওই পর্ষদে আরও ছিলেন মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, এম আবু ইউসুফ ও মোহাম্মদ আশরাফুল হাসান।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ১৬টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছিল। এর মধ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আর্থিক অবস্থার উন্নতি হওয়ায় ব্যাংকটির পরিচালনার দায়িত্ব আবার উদ্যোক্তা পরিচালকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অন্য যেসব ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয়েছিল, সেসব ক্ষেত্রে উদ্যোক্তাদের খুঁজে পাওয়া বা তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে আল-আরাফাহ ব্যাংকের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন হওয়ায় মালিকানার প্রতিনিধিদের কাছেই পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।