অর্থ বাণিজ্য প্রতিবেদক :   বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মার্জিন বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। একই সঙ্গে এ উদ্যোগ গ্রহণের জন্য বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান ও কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি।

শনিবার (১৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবিএ জানায়, গত ১৩ জুলাই বিএসইসি আয়োজিত এক সভায় ডিবিএ ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রতিনিধিরা অংশ নেন। সভায় সংশোধিত মার্জিন বিধিমালা নিয়ে অংশীজনদের ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মার্জিন বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। একই সঙ্গে এ উদ্যোগ গ্রহণের জন্য বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান ও কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি।

শনিবার (১৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবিএ জানায়, গত ১৩ জুলাই বিএসইসি আয়োজিত এক সভায় ডিবিএ ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রতিনিধিরা অংশ নেন। সভায় সংশোধিত মার্জিন বিধিমালা নিয়ে অংশীজনদের মতামত, প্রস্তাব ও উদ্বেগ গুরুত্বের সঙ্গে শুনে সেগুলো সংস্কার প্রক্রিয়ায় বিবেচনার আশ্বাস দেয় কমিশন। এজন্য বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের ধন্যবাদ জানিয়েছে ডিবিএ।

ডিবিএর মতে, বিএসইসির বাস্তবমুখী ও বাজারবান্ধব এ উদ্যোগ দেশের পুঁজিবাজারের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। সংশোধিত মার্জিন বিধিমালা একটি ভারসাম্যপূর্ণ, আধুনিক ও ভবিষ্যতমুখী নিয়ন্ত্রক কাঠামো গড়ে তুলতে সহায়ক হবে, যা পুঁজিবাজারের সুশৃঙ্খল, স্বচ্ছ ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংগঠনটি আশা প্রকাশ করেছে, শিগগিরই সংশোধিত মার্জিন বিধিমালার খসড়া জনমত গ্রহণের জন্য প্রকাশ করা হবে। খসড়া পর্যালোচনার পর প্রয়োজন হলে ডিবিএ তাদের বিস্তারিত মতামত ও সুপারিশ বিএসইসির কাছে উপস্থাপন করবে।

ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশের পুঁজিবাজারকে আরও শক্তিশালী, আধুনিক ও বিনিয়োগবান্ধব করতে বিএসইসি যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে, ডিবিএ সেই উদ্যোগকে সর্বাত্মকভাবে সমর্থন করে। ভবিষ্যতেও পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজনীয় সব সংস্কার কার্যক্রমে বিএসইসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ডিবিএ প্রস্তুত থাকবে।