সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন পর্ষদ, আগামী সপ্তাহে বিদায় নিচ্ছেন প্রশাসকরা
পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দায়িত্ব নেওয়ায় আগামী সপ্তাহে সব প্রশাসক প্রত্যাহার করছে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে এক্সিম ব্যাংকের প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি চার প্রশাসককেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার এক্সিম ব্যাংকের প্রশাসক ও কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক শওকাতুল আলম প্রত্যাহারের চিঠি পাওয়ার পর সম্মিলিত ইসলামী ব্যাংকের দায়িত্ব নতুন কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিয়ে বাংলাদেশ ব্যাংকে ...
পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দায়িত্ব নেওয়ায় আগামী সপ্তাহে সব প্রশাসক প্রত্যাহার করছে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে এক্সিম ব্যাংকের প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি চার প্রশাসককেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার এক্সিম ব্যাংকের প্রশাসক ও কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক শওকাতুল আলম প্রত্যাহারের চিঠি পাওয়ার পর সম্মিলিত ইসলামী ব্যাংকের দায়িত্ব নতুন কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিয়ে বাংলাদেশ ব্যাংকে ফিরে গেছেন।
আগামী সপ্তাহে প্রত্যাহার করা হবে সোশ্যাল ইসলামী ব্যাংকের দায়িত্বে থাকা নির্বাহী পরিচালক আবুল বাশার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদার, গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালক মো. মোকসুদুজ্জামান এবং ইউনিয়ন ব্যাংকের পরিচালক মোহাম্মদ আবুল হাসেমকে। গত বুধবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গত জুনে সরকার কাজী শায়রুল হাসানকে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এবং আবেদুর রহমান শিকদারকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয়। নতুন পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দায়িত্ব গ্রহণের পর প্রশাসকদের দায়িত্ব প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়। আপাতত এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় থেকেই সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
গত সোমবার গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এর আগে রোববার পাঁচ ব্যাংকের প্রশাসকদের সঙ্গে পৃথক বৈঠক করেন গভর্নর।
উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। প্রতিটি ব্যাংকে একজন প্রশাসকের পাশাপাশি আরও চারজন করে কর্মকর্তা দায়িত্ব পালন করেন। পাঁচ ব্যাংকে মোট ২৫ জন কর্মকর্তা প্রশাসনিক দায়িত্বে ছিলেন।
