এসএমইতে লেনদেনে ৩০ লাখ, কিউআইওতে ১০ লাখ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারের এসএমই (স্মল ক্যাপিটাল) প্ল্যাটফর্মে শেয়ার লেনদেন এবং কোয়ালিফায়েড ইনভেস্টর অফার (কিউআইও) সংক্রান্ত ন্যূনতম বিনিয়োগসীমা নিয়ে দীর্ঘদিনের বিভ্রান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কমিশনের সর্বশেষ ব্যাখ্যা অনুযায়ী, এসএমই প্ল্যাটফর্মের সেকেন্ডারি মার্কেটে নিয়মিত শেয়ার কেনাবেচার জন্য ব্যক্তি বিনিয়োগকারীর ন্যূনতম ৩০ লাখ টাকার বিনিয়োগযোগ্য পোর্টফোলিও থাকতে হবে। তবে কিউআইওতে আবেদন এবং ওই অফারের মাধ্যমে বরাদ্দ পাওয়া শেয়ার লেনদেনের ক্ষেত্রে ১০ লাখ টাকার পোর্টফোলিও থাকলেই অংশ নেওয়া ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারের এসএমই (স্মল ক্যাপিটাল) প্ল্যাটফর্মে শেয়ার লেনদেন এবং কোয়ালিফায়েড ইনভেস্টর অফার (কিউআইও) সংক্রান্ত ন্যূনতম বিনিয়োগসীমা নিয়ে দীর্ঘদিনের বিভ্রান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কমিশনের সর্বশেষ ব্যাখ্যা অনুযায়ী, এসএমই প্ল্যাটফর্মের সেকেন্ডারি মার্কেটে নিয়মিত শেয়ার কেনাবেচার জন্য ব্যক্তি বিনিয়োগকারীর ন্যূনতম ৩০ লাখ টাকার বিনিয়োগযোগ্য পোর্টফোলিও থাকতে হবে। তবে কিউআইওতে আবেদন এবং ওই অফারের মাধ্যমে বরাদ্দ পাওয়া শেয়ার লেনদেনের ক্ষেত্রে ১০ লাখ টাকার পোর্টফোলিও থাকলেই অংশ নেওয়া যাবে।
সম্প্রতি বিএসইসির মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশন থেকে জারি করা এক চিঠিতে এ ব্যাখ্যা দেওয়া হয়েছে। হাইকোর্টে দায়ের করা রিট পিটিশন নম্বর ১৪৬৮৪ (২০২৫) এবং আবেদনকারী মো. জামাল হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন বিষয়টি স্পষ্ট করে।
চিঠিতে বলা হয়, ২০২৬ সালের ১৯ মে জারি করা কমিশনের নির্দেশনার মাধ্যমে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ক্ষুদ্র মূলধনী কোম্পানির যোগ্য বিনিয়োগকারী প্রস্তাব) বিধিমালা, ২০২২-এর ‘যোগ্য বিনিয়োগকারী’ সংক্রান্ত বিধান বাস্তবায়নের বিষয়টি পরিষ্কার করা হয়। সেই নির্দেশনা অনুযায়ী, কিউআইওতে আবেদন এবং ওই অফারের মাধ্যমে বরাদ্দ পাওয়া শেয়ার বিক্রির জন্য ব্যক্তি বিনিয়োগকারীর ন্যূনতম ১০ লাখ টাকার বিনিয়োগযোগ্য পোর্টফোলিও থাকলেই যথেষ্ট।
তবে কিউআইওর বাইরে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত অন্যান্য কোম্পানির শেয়ারে নিয়মিত লেনদেন করতে হলে আগের মতোই ন্যূনতম ৩০ লাখ টাকার বিনিয়োগযোগ্য পোর্টফোলিও থাকতে হবে।
জানা গেছে, কিউআইওতে অংশগ্রহণ এবং ওই অফারের মাধ্যমে পাওয়া শেয়ার লেনদেনের ক্ষেত্রেও ৩০ লাখ টাকার পোর্টফোলিও প্রয়োজন কি না—এ নিয়ে দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি ছিল। এ বিষয়ে হাইকোর্টের নির্দেশনার পর বিএসইসি পৃথকভাবে কিউআইও এবং সেকেন্ডারি মার্কেটের জন্য প্রযোজ্য শর্তের ব্যাখ্যা দিয়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, কমিশনের এই ব্যাখ্যার ফলে কিউআইওতে অংশগ্রহণের যোগ্যতা নিয়ে বিনিয়োগকারীদের অনিশ্চয়তা দূর হবে। এখন ১০ লাখ টাকার পোর্টফোলিওধারী ব্যক্তি বিনিয়োগকারীরা কিউআইওতে আবেদন করতে এবং বরাদ্দ পাওয়া শেয়ার লেনদেন করতে পারবেন। তবে এসএমই প্ল্যাটফর্মে নিয়মিত সেকেন্ডারি মার্কেট লেনদেনের জন্য ৩০ লাখ টাকার পোর্টফোলিওর শর্ত বহাল থাকবে।
এসএমইতে বিনিয়োগসীমার পরিবর্তন
২০২১ সালে এসএমই প্ল্যাটফর্ম চালুর সময় যোগ্য বিনিয়োগকারী হওয়ার জন্য ন্যূনতম পোর্টফোলিও নির্ধারণ করা হয়েছিল ৫০ লাখ টাকা। ২০২২ সালের ফেব্রুয়ারিতে লেনদেনে গতি আনতে তা কমিয়ে ২০ লাখ টাকা করা হয়। তবে একই বছরের সেপ্টেম্বরে বাজারে অতিরিক্ত অস্থিরতা ও ঝুঁকি বিবেচনায় সীমা আবার বাড়িয়ে ৩০ লাখ টাকা করা হয়, যা বর্তমানে সেকেন্ডারি মার্কেটের ক্ষেত্রে বহাল রয়েছে।
