অর্থ বাণিজ্য ডেস্ক : ভারতের শেয়ারবাজারে জোরালো উত্থান হয়েছে। তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের শেয়ারকে কেন্দ্র করে মঙ্গলবার (২৯ জুলাই) বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) প্রধান সূচক সেনসেক্স ৮৮৮ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ৭৭ হাজার ৬৫৪ দশমিক ৬০ পয়েন্টে পৌঁছেছে। একই দিনে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটি সূচকও ২৬৪ পয়েন্ট বা প্রায় ১ দশমিক ১ শতাংশ বেড়ে ২৪ হাজার ২৫০ পয়েন্টে অবস্থান নেয়।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের ...

অর্থ বাণিজ্য ডেস্ক : ভারতের শেয়ারবাজারে জোরালো উত্থান হয়েছে। তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের শেয়ারকে কেন্দ্র করে মঙ্গলবার (২৯ জুলাই) বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) প্রধান সূচক সেনসেক্স ৮৮৮ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ৭৭ হাজার ৬৫৪ দশমিক ৬০ পয়েন্টে পৌঁছেছে। একই দিনে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটি সূচকও ২৬৪ পয়েন্ট বা প্রায় ১ দশমিক ১ শতাংশ বেড়ে ২৪ হাজার ২৫০ পয়েন্টে অবস্থান নেয়।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে অনিশ্চয়তার মধ্যেও ভারতীয় বাজারে এই উত্থানের মূল চালিকা শক্তি ছিল তথ্যপ্রযুক্তি, ধাতু ও ওষুধ খাতের শেয়ার।

বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে ব্যয়বহুল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোয় অতিরিক্ত বিনিয়োগ থেকে অনেক প্রতিষ্ঠান ধীরে ধীরে সরে আসছে। এর ফলে ঐতিহ্যবাহী আইটি সেবা ও ডিজিটাল রূপান্তর প্রকল্পের চাহিদা বাড়তে পারে, যা ভারতীয় তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলোর জন্য নতুন ব্যবসার সুযোগ তৈরি করবে। এই প্রত্যাশায় বিদেশি বিনিয়োগকারীরাও ভারতীয় আইটি শেয়ারের দিকে ঝুঁকছেন।

এদিকে এআই খাতকেন্দ্রিক অনিশ্চয়তায় বড় ধাক্কা খেয়েছে দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজার। দেশটির প্রধান সূচক কোস্পি একপর্যায়ে প্রায় ১২ শতাংশ পড়ে যাওয়ায় সাময়িকভাবে লেনদেন স্থগিত করা হয়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, এআই প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ থেকে প্রত্যাশিত মুনাফা পাওয়া নিয়ে সংশয় বাড়ায় বিনিয়োগকারীরা উচ্চমূল্যের প্রযুক্তি শেয়ার থেকে অর্থ সরিয়ে তুলনামূলক স্থিতিশীল ও নির্ভরযোগ্য আয় দিতে সক্ষম কোম্পানির শেয়ারে বিনিয়োগ বাড়াচ্ছেন।

বিশেষ করে দক্ষিণ কোরিয়ার সেমিকন্ডাক্টর জায়ান্ট এসকে হাইনিক্স এবং স্যামসাং ইলেকট্রনিক্স–এর শেয়ারে বড় ধরনের পতন বাজারের উদ্বেগ আরও বাড়িয়ে দেয়। আর সেই অর্থের একটি অংশ ভারতীয় তথ্যপ্রযুক্তি খাতে প্রবাহিত হওয়ায় দালাল স্ট্রিটে দেখা গেছে শক্তিশালী উত্থান।