নিন্দুকদের কড়া জবাব দিলেন বাঁধন
বিনোদন প্রতিবেদক : নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’-তে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সম্প্রতি সিনেমাটির মহরত অনুষ্ঠিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনার মুখে পড়েন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত ‘রেহানা মরিয়ম নূর’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর মতো চলচ্চিত্রের পর বাণিজ্যিক ধারার সিনেমায় তার অভিনয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ।
সমালোচনার জবাবে রোববার (২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন বাঁধন। সেখানে তিনি লেখেন, ‘একটা ...
বিনোদন প্রতিবেদক : নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’-তে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সম্প্রতি সিনেমাটির মহরত অনুষ্ঠিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনার মুখে পড়েন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত ‘রেহানা মরিয়ম নূর’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর মতো চলচ্চিত্রের পর বাণিজ্যিক ধারার সিনেমায় তার অভিনয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ।
সমালোচনার জবাবে রোববার (২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন বাঁধন। সেখানে তিনি লেখেন, ‘একটা বিষয় আমি বিশ্বাস করি, আমার সংসারের খরচ তো কেউ দেয় না, আমার জীবনটাও কেউ যাপন করে না। সুতরাং, দয়া করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাকে উপদেশ দিতে আসবেন না। যাদের উপদেশ আমি বিশ্বাস করি, সম্মান করি, সেরকম মানুষ আমার জীবনে আছে।’
পোস্টে ‘গুলশানের চামেলী’ সিনেমায় যুক্ত হওয়ার কারণও ব্যাখ্যা করেন এই অভিনেত্রী। তিনি জানান, সিনেমাটিতে কাজ করার সিদ্ধান্ত তার জন্য সহজ ছিল না। তবে গল্পটি ভালো লাগার পাশাপাশি শুরু থেকেই নির্মাতা ও পুরো টিমের সম্মান ও সহযোগিতা তাকে মুগ্ধ করেছে।
অভিনয়জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বাঁধন লেখেন, দীর্ঘ ক্যারিয়ারে তিনি অনেক নির্মাতা ও প্রযোজকের সঙ্গে কাজ করেছেন। প্রতিটি কাজ থেকেই নতুন অভিজ্ঞতা অর্জন করেছেন। কিছু অভিজ্ঞতা আনন্দের, কিছু কঠিন হলেও সবকিছু মিলিয়েই আজকের অবস্থানে পৌঁছেছেন বলে উল্লেখ করেন তিনি।
পোস্টের শেষাংশে নিজের জীবন নিয়ে সন্তুষ্টির কথাও জানান বাঁধন। তিনি লেখেন, ‘আমি আমার জীবন নিয়ে সুখী। ইনশাআল্লাহ, সময়ের সঙ্গে সঙ্গে আমি এগিয়ে যাব এবং আরও সুখী হবো।’
উল্লেখ্য, ‘গুলশানের চামেলী’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। এছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করবেন আমিন হান, ওমর সানী, রোজিনা ও আশীষ খন্দকারসহ অনেকে। চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।