বিনোদন প্রতিবেদক :   শোবিজ অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী জিনাত শানু স্বাগতা ব্যক্তিজীবনের তিক্ত কিছু অভিজ্ঞতা তুলে ধরে সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে বিস্ফোরক দাবি করেছেন। তার অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে একসময় তার ঘনিষ্ঠ এক বান্ধবী তার হাত থেকে একটি কাজ কেড়ে নিয়েছিলেন।

সম্প্রতি দেওয়া ওই স্ট্যাটাসে স্বাগতা জানান, শুটিং শুরুর মাত্র তিন দিন আগে তার খুব কাছের এক বন্ধু রাজনৈতিক ক্ষমতার প্রভাব দেখিয়ে এবং পরিচালককে জাতীয় ...

বিনোদন প্রতিবেদক : শোবিজ অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী জিনাত শানু স্বাগতা ব্যক্তিজীবনের তিক্ত কিছু অভিজ্ঞতা তুলে ধরে সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে বিস্ফোরক দাবি করেছেন। তার অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে একসময় তার ঘনিষ্ঠ এক বান্ধবী তার হাত থেকে একটি কাজ কেড়ে নিয়েছিলেন।

সম্প্রতি দেওয়া ওই স্ট্যাটাসে স্বাগতা জানান, শুটিং শুরুর মাত্র তিন দিন আগে তার খুব কাছের এক বন্ধু রাজনৈতিক ক্ষমতার প্রভাব দেখিয়ে এবং পরিচালককে জাতীয় পুরস্কারের লোভ দেখিয়ে তাকে একটি কাজ থেকে সরিয়ে দেন। শুধু তাই নয়, কাজটি পাওয়ার পর সেই বন্ধু শুটিং চলাকালে নিজের পোষা কুকুরের দেখাশোনা করার প্রস্তাবও দিয়েছিলেন, যা তাকে গভীরভাবে আহত করেছিল।

অভিনেত্রীর দাবি, ওই বন্ধুকে তিনি অতীতে বহু কঠিন ও বিপজ্জনক পরিস্থিতি থেকে সাহায্য করেছিলেন। এমনকি ওই ঘটনার পরও মানবিক কারণে তার পাশে দাঁড়িয়েছিলেন।

স্ট্যাটাসে আরও একটি ঘটনার উল্লেখ করেন স্বাগতা। তিনি জানান, শৈশব থেকে যাকে নিজের বোনের মতো বিশ্বাস করতেন, সেই বান্ধবীও তার দুর্বল মুহূর্তের সুযোগ নিয়ে একটি কাজ নিজের করে নিয়েছিলেন। এতে একের পর এক বিশ্বাসঘাতকতার শিকার হয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

স্বাগতার ভাষ্য, সে সময় কারও সঙ্গে কথা বলার ইচ্ছাও হারিয়ে ফেলেছিলেন। শুধু জীবনের প্রয়োজনেই কাজ চালিয়ে গেছেন।

তবে প্রতিশোধের পথ না বেছে তিনি বিচার সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিয়েছিলেন বলেও উল্লেখ করেন। তার দাবি, তিন বছরের ব্যবধানে সেই বিশ্বাসের প্রতিফলন তিনি দেখতে পেয়েছেন। স্ট্যাটাসে তিনি লেখেন, তাদের একজন বর্তমানে মানুষের কাছে সম্মান হারিয়ে সমালোচিত, আর অন্যজন হারিয়েছেন কাজের শান্তি ও সুখ।

নিজের উপলব্ধি প্রকাশ করে স্বাগতা লেখেন, ‘তোমাদের বিচার দেখে ভয় লাগে। মনে হয় আমি যদি ভুল করেও গুটিবাজি করে কারও রিজিক নষ্ট করি, তার পরিণতি ভালো হবে না।’

সবশেষে তিনি নিজের ও সবার জন্য দোয়া চেয়ে লেখেন, ‘আল্লাহ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখুন, বিশেষ করে বন্ধুদের ক্ষতি করা থেকে দূরে রাখুন।’

স্বাগতার এই পোস্ট প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে কিছু সময় পর অভিনেত্রী স্ট্যাটাসটি নিজের ফেসবুক থেকে মুছে দেন।