শেয়ারবাজারে দীর্ঘদিনের মন্দাভাব কাটিয়ে সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতা দেখা দিলেও সদ্য সমাপ্ত জুলাই মাসে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব উল্লেখযোগ্য হারে কমেছে। এক মাসে প্রায় ২৩ হাজার বিও হিসাব বন্ধ হয়েছে। হিসাব অনুযায়ী, প্রতি কার্যদিবসে গড়ে ৯১৫টি বিও হিসাব কমেছে।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সর্বশেষ তথ্য অনুযায়ী, ৪ আগস্ট পর্যন্ত দেশে মোট বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৫২ হাজার ৩৬৫টি। জুন শেষে এ সংখ্যা ছিল ১৬ লাখ ৭৫ ...

শেয়ারবাজারে দীর্ঘদিনের মন্দাভাব কাটিয়ে সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতা দেখা দিলেও সদ্য সমাপ্ত জুলাই মাসে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব উল্লেখযোগ্য হারে কমেছে। এক মাসে প্রায় ২৩ হাজার বিও হিসাব বন্ধ হয়েছে। হিসাব অনুযায়ী, প্রতি কার্যদিবসে গড়ে ৯১৫টি বিও হিসাব কমেছে।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সর্বশেষ তথ্য অনুযায়ী, ৪ আগস্ট পর্যন্ত দেশে মোট বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৫২ হাজার ৩৬৫টি। জুন শেষে এ সংখ্যা ছিল ১৬ লাখ ৭৫ হাজার ২৫২টি। অর্থাৎ, এক মাসের ব্যবধানে বিও হিসাব কমেছে ২২ হাজার ৮৮৭টি। এ সময়ে শেয়ারবাজারে মোট ২৫ কার্যদিবস লেনদেন হয়েছে।

সবচেয়ে বেশি কমেছে স্থানীয় বিনিয়োগকারীদের বিও হিসাব। বর্তমানে দেশি বিনিয়োগকারীদের নামে বিও হিসাব রয়েছে ১৫ লাখ ৯২ হাজার ১৪৬টি, যা জুন শেষে ছিল ১৬ লাখ ১৩ হাজার ৭২৪টি। ফলে এক মাসে স্থানীয় বিনিয়োগকারীদের হিসাব কমেছে ২১ হাজার ৫৭৮টি। অর্থাৎ, প্রতি কার্যদিবসে গড়ে ৮৬৩টি স্থানীয় বিও হিসাব বন্ধ হয়েছে।

একই সময়ে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব ৪৩ হাজার ১৮৩টি থেকে কমে ৪২ হাজার ৩টিতে নেমে এসেছে। এতে এক মাসে এ শ্রেণির বিনিয়োগকারীদের ১ হাজার ১৮০টি বিও হিসাব কমেছে, যা কার্যদিবসপ্রতি গড়ে ৪৭টি।

লিঙ্গভিত্তিক হিসাবেও উভয় শ্রেণির বিনিয়োগকারীর বিও হিসাব কমেছে। বর্তমানে পুরুষ বিনিয়োগকারীদের নামে বিও হিসাব রয়েছে ১২ লাখ ৪৫ হাজার ৫৬১টি, যা জুন শেষে ছিল ১২ লাখ ৬২ হাজার ৭৮৯টি। অর্থাৎ এক মাসে ১৭ হাজার ২২৮টি পুরুষ বিও হিসাব কমেছে। একই সময়ে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ৩ লাখ ৯৪ হাজার ১১৮টি থেকে কমে ৩ লাখ ৮৮ হাজার ৫৮৮টিতে নেমেছে। ফলে নারী বিনিয়োগকারীদের ৫ হাজার ৫৩০টি বিও হিসাব কমেছে।

হিসাবের ধরন অনুযায়ী দেখা যায়, বর্তমানে একক নামে বিও হিসাব রয়েছে ১২ লাখ ২৫৭টি এবং যৌথ নামে রয়েছে ৪ লাখ ৩৩ হাজার ৮৯২টি। গত এক মাসে একক বিও হিসাব কমেছে ১৫ হাজার ২৮টি, আর যৌথ বিও হিসাব কমেছে ৭ হাজার ৭৩০টি।

এদিকে ব্যক্তি বিনিয়োগকারীদের পাশাপাশি কোম্পানির বিও হিসাবও কমেছে। বর্তমানে কোম্পানির নামে বিও হিসাব রয়েছে ১৮ হাজার ২১৬টি, যা জুন শেষে ছিল ১৮ হাজার ৪০৮টি। অর্থাৎ, এক মাসে কোম্পানির বিও হিসাব কমেছে ১৯২টি।

বাজারসংশ্লিষ্টদের মতে, বাজারে সূচক ও লেনদেনে উন্নতি দেখা গেলেও দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা বা অপ্রয়োজনীয় হিসাব বন্ধ করার প্রবণতার কারণে জুলাই মাসে বিও হিসাবের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।