ক্রীড়া ডেস্ক : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)। বিশ্বকাপের স্বত্বে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদার করার ব্যর্থ উদ্যোগের পর বৃহস্পতিবার ফেডারেশনের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইনফান্তিনোর পদত্যাগ দাবি করা প্রথম জাতীয় ফুটবল ফেডারেশনও নরওয়ে।

ফিফার কার্যক্রম ও নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনামুখর নরওয়ে। এনএফএফ সভাপতি লিসে ক্লাভেনেস বলেছেন, সাম্প্রতিক বিভিন্ন বিতর্কের পর ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি তাদের আর কোনো আস্থা নেই।

দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাভেনেস ...

ক্রীড়া ডেস্ক : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)। বিশ্বকাপের স্বত্বে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদার করার ব্যর্থ উদ্যোগের পর বৃহস্পতিবার ফেডারেশনের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইনফান্তিনোর পদত্যাগ দাবি করা প্রথম জাতীয় ফুটবল ফেডারেশনও নরওয়ে।

ফিফার কার্যক্রম ও নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনামুখর নরওয়ে। এনএফএফ সভাপতি লিসে ক্লাভেনেস বলেছেন, সাম্প্রতিক বিভিন্ন বিতর্কের পর ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি তাদের আর কোনো আস্থা নেই।

দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাভেনেস বলেন, ‘ইনফান্তিনোর ওপর এখন আর আমাদের কোনো আস্থা নেই। পরিস্থিতি বছরের পর বছর আরও খারাপ হয়েছে। এখন তার জন্য আর ফেরার কোনো পথ নেই।’

তিনি আরও বলেন, বৈশ্বিক ফুটবলে বিভক্তি ও অস্থিরতা দূর করে সবার মধ্যে আস্থা ফিরিয়ে আনতে ইনফান্তিনোর পদত্যাগ প্রয়োজন।

আগামী সপ্তাহেই ইনফান্তিনোর পদত্যাগ চেয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠাবে নরওয়ে। ২০২৩ সালে ফিফা সভাপতির নির্বাচনে ইনফান্তিনোর পুনর্নির্বাচনেও সমর্থন দেয়নি দেশটি। সম্প্রতি ইউরোপের আরও কয়েকটি ফুটবল ফেডারেশনও তার প্রতি সমর্থন প্রত্যাহার করেছে।

একই সঙ্গে ২০১৬ সালে ইনফান্তিনো দায়িত্ব নেওয়ার পর ফিফায় বাস্তবায়িত সংস্কারগুলোর পূর্ণাঙ্গ পর্যালোচনার দাবি জানিয়েছে নরওয়ে। তাদের মতে, কোন সংস্কার কার্যকর হয়েছে, কোনগুলো হয়নি এবং ভবিষ্যতে ফিফাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কী পদক্ষেপ প্রয়োজন, তা নতুন করে মূল্যায়ন করা উচিত।

এ ছাড়া ফিফার ইথিক্স কমিটির কাছেও নতুন অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছে এনএফএফ। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রকল্প, ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘শান্তি পুরস্কার’ প্রদান এবং বিশ্বকাপে ফোলারিন বালোগুনের লাল কার্ড–সংক্রান্ত সিদ্ধান্তকে কেন্দ্র করে এ অভিযোগ করা হবে।

নরওয়ে আশা করছে, ইউরোপের আরও কয়েকটি প্রভাবশালী ফুটবল ফেডারেশন এই উদ্যোগে তাদের সঙ্গে যুক্ত হবে।