অর্থ বাণিজ্য ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত জীবন বিমা প্রতিষ্ঠান লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন অব ইন্ডিয়া (এলআইসি)-এর প্রায় ৩১ হাজার ৫০০ কোটি রুপির শেয়ার বিক্রি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। ‘অফার ফর সেল’ (ওএফএস) পদ্ধতিতে সরকারের মালিকানাধীন ৬ দশমিক ৫ শতাংশ শেয়ার বিক্রি করা হয়। তবে এই শেয়ার বিক্রির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, লেনদেন শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে বিনিয়োগ ব্যাংকারদের ডেকে শেয়ার বিক্রির প্রস্তুতি সম্পন্ন করা ...

অর্থ বাণিজ্য ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত জীবন বিমা প্রতিষ্ঠান লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন অব ইন্ডিয়া (এলআইসি)-এর প্রায় ৩১ হাজার ৫০০ কোটি রুপির শেয়ার বিক্রি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। ‘অফার ফর সেল’ (ওএফএস) পদ্ধতিতে সরকারের মালিকানাধীন ৬ দশমিক ৫ শতাংশ শেয়ার বিক্রি করা হয়। তবে এই শেয়ার বিক্রির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, লেনদেন শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে বিনিয়োগ ব্যাংকারদের ডেকে শেয়ার বিক্রির প্রস্তুতি সম্পন্ন করা হয়। শুরুতে ২ দশমিক ৫ শতাংশ শেয়ার বিক্রির পরিকল্পনা থাকলেও পরে তা বাড়িয়ে ৬ দশমিক ৫ শতাংশ করা হয়। বিষয়টি আগে থেকে প্রকাশ না করায় শেয়ারের দামে বড় ধরনের উল্লম্ফন ঘটেনি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি) ব্লুমবার্গের এ দাবি প্রত্যাখ্যান করেছে। সংস্থাটির মতে, ওএফএসে বিনিয়োগকারীদের চাহিদা প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় সরকারের সিদ্ধান্তে অতিরিক্ত শেয়ার বিক্রি করা হয়েছে।

বাজারসংশ্লিষ্ট বিশ্লেষকদের একাংশের মতে, এই বিক্রির মাধ্যমে এলআইসিতে সরকারের মালিকানা আরও কমেছে, যা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে সরকারের অংশীদারিত্ব কমানোর নীতিরই ধারাবাহিকতা।

এদিকে শেয়ার বিক্রির পরও এলআইসির শেয়ারের দামে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব দেখা যায়নি। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শেয়ারদর ছিল ৩৮৭ রুপি, যা দিনে ১ দশমিক ৪০ শতাংশ কমেছে। গত এক মাসে শেয়ারটির দাম প্রায় ১০ শতাংশ এবং গত এক বছরে প্রায় ১৪ শতাংশ কমেছে।