শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান-এর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে একাধিক অনিয়ম ও বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এসব অনিয়মে নিরীক্ষা প্রতিষ্ঠান দোহা জামান কবির রশিদ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর এঙ্গেজমেন্ট পার্টনার তারেক রশিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট নিরীক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা নিতে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)-এর চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্প্রতি ...

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্প্রতি পাঠানো ওই চিঠিতে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের ২০২২ ও ২০২৩ অর্থবছরের নিরীক্ষা কার্যক্রমে গুরুতর অসংগতি তুলে ধরা হয়েছে।

বিএসইসির পর্যবেক্ষণ অনুযায়ী, ফান্ডটির এএফসি হেলথ-এ করা বিনিয়োগ থেকে টানা ছয় বছর কোনো লভ্যাংশ বা মুনাফা পাওয়া যায়নি। এরপরও বিনিয়োগটির বিপরীতে প্রয়োজনীয় সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণ করা হয়নি। আরও বিস্ময়কর বিষয় হলো, ৩০ সেপ্টেম্বর ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে এ বিষয়ে নিরীক্ষক কোনো আপত্তি তোলেননি। এমনকি 'ইমফ্যাসিস অব ম্যাটার' অংশেও বিষয়টি উল্লেখ করা হয়নি।

অথচ পরের বছর, অর্থাৎ ২০২৩ সালের আর্থিক বিবরণীতে হঠাৎ করেই একই বিনিয়োগের বিপরীতে প্রিমিয়ামসহ অভিহিত মূল্যের ৯৯ শতাংশ প্রভিশন দেখানো হয়। বিএসইসির মতে, এত বড় অঙ্কের প্রভিশন সংরক্ষণের পক্ষে নিরীক্ষক কোনো গ্রহণযোগ্য বা যুক্তিসংগত ব্যাখ্যা দিতে পারেননি।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, দোহা জামান কবির রশিদ অ্যান্ড কোংয়ের অংশীদার তারেক রশিদ ৩০ সেপ্টেম্বর ২০২২ ও ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের সংবিধিবদ্ধ নিরীক্ষক (এঙ্গেজমেন্ট পার্টনার) হিসেবে দায়িত্ব পালন করেন।

বিএসইসির মতে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১-এর ষষ্ঠ তফসিলের দফা ২-এর উপদফা (গ) ও (ঘ)-এ নির্দিষ্ট পরিস্থিতিতে বিনিয়োগের বিপরীতে সঞ্চিতি সংরক্ষণের স্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে এএফসি হেলথে বিনিয়োগের ন্যায্যমূল্য (ফেয়ার ভ্যালু) সম্পর্কেও কোনো তথ্য বা পর্যবেক্ষণ উপস্থাপন করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বলেন, "ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের আর্থিক বিবরণী ও সংশ্লিষ্ট নিরীক্ষা কার্যক্রমে কিছু অসংগতি কমিশনের নজরে এসেছে। বিষয়টি পর্যালোচনার জন্য এফআরসির কাছে পাঠানো হয়েছে। অনিয়ম প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

বিএসইসি মনে করছে, সংশ্লিষ্ট নিরীক্ষক মিউচুয়াল ফান্ড বিধিমালার ষষ্ঠ তফসিলের দফা ২-এর উপদফা (গ) ও (ঘ) অনুসরণে ব্যর্থ হয়েছেন। এ কারণে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ২০২০-এর বিধি ১৪(৫) অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এফআরসিকে অনুরোধ জানিয়েছে কমিশন।

একই সঙ্গে ২০২২ ও ২০২৩ সমাপ্ত অর্থবছরের ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং সংশ্লিষ্ট বিধিমালার আলোকে পুরো বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ারও অনুরোধ করা হয়েছে।