চেন্নাইয়ে সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন এ আর রহমানের ছেলে আমিন
বিনোদন ডেস্ক : ভারতের চেন্নাইয়ে সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমানের ছেলে ও সংগীতশিল্পী আমিন রহমান। সোমবার (১০ আগস্ট) ভোররাতে শহরের গিন্ডির কাথিপাড়া ফ্লাইওভারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আমিন রহমান তার বিলাসবহুল পোরশে গাড়িতে করে এক বন্ধুকে নিয়ে কোয়াম্বেদু থেকে শহরের দিকে যাচ্ছিলেন। ভোর সাড়ে ৩টার দিকে অলিম্পিয়া টেক পার্ক সিগন্যালের কাছে একটি ওয়াগন-আর ক্যাব হঠাৎ একটি গলি থেকে মূল সড়কে ...
বিনোদন ডেস্ক : ভারতের চেন্নাইয়ে সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমানের ছেলে ও সংগীতশিল্পী আমিন রহমান। সোমবার (১০ আগস্ট) ভোররাতে শহরের গিন্ডির কাথিপাড়া ফ্লাইওভারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আমিন রহমান তার বিলাসবহুল পোরশে গাড়িতে করে এক বন্ধুকে নিয়ে কোয়াম্বেদু থেকে শহরের দিকে যাচ্ছিলেন। ভোর সাড়ে ৩টার দিকে অলিম্পিয়া টেক পার্ক সিগন্যালের কাছে একটি ওয়াগন-আর ক্যাব হঠাৎ একটি গলি থেকে মূল সড়কে উঠে এলে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আমিন রহমান ও ক্যাবচালককে কাবেরী হাসপাতালে নিয়ে যান। অপরদিকে ক্যাবের আহত এক যাত্রীকে ভর্তি করা হয় কলাইগনার সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, কারও আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে আদিয়ার ট্রাফিক পুলিশ দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ আর রহমান ও সাবেক স্ত্রী সায়রা বানুর ছেলে আমিন রহমান বাবার পথ অনুসরণ করে সংগীতজগতেই ক্যারিয়ার গড়ছেন। ২০১৫ সালে মণি রত্নম পরিচালিত ও কাদাল কানমানি সিনেমার ‘মাওলা সাল্লি ওয়াসাল্লিম’ গানের মাধ্যমে তার অভিষেক হয়। এরপর বিভিন্ন আন্তর্জাতিক কনসার্টে বাবার সঙ্গে মঞ্চে গান পরিবেশন করেছেন তিনি।
সম্প্রতি রাম চরণের সিনেমা পেড্ডি-এর তামিল সংস্করণের ‘চিকিরি চিকিরি’ গান গেয়ে প্রশংসা কুড়িয়েছেন আমিন। এছাড়া দুলকার সালমান ও মৃণাল ঠাকুরকে নিয়ে নির্মিত জাসলিন রয়্যালের ইন্ডি-পপ ট্র্যাক ‘ভিগি ভিগি’তেও কণ্ঠ দিয়েছেন তিনি।
অন্যদিকে এ আর রহমান বর্তমানে ‘রামায়ণ: পার্ট ১’, ‘রামায়ণ: পার্ট ২’ এবং ‘বাটোয়ারা ১৯৪৭’-এর সংগীত পরিচালনার কাজে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি প্রভুদেবার সঙ্গে ‘মুন ওয়াক’ সিনেমার মাধ্যমে অভিনয়েও অভিষেক হতে যাচ্ছে তার।
