অর্থ বাণিজ্য ডেস্ক :   অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টপ এন্ড টি-টুয়েন্টি টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের এইচপি (হাই পারফরম্যান্স) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উইকেটকিপার-ব্যাটসম্যান ইরফান শুক্কুরের নেতৃত্বে ঘোষিত এ দলে জায়গা পেয়েছেন ৭ জন আন্তর্জাতিক ক্রিকেট খেলা খেলোয়াড়। তাঁদের মধ্যে একমাত্র ৩৪ বছর বয়সী সাব্বির রহমানেরই ক্রিকেটের তিন সংস্করণে খেলার অভিজ্ঞতা আছে।

আন্তর্জাতিক ক্রিকেটে খেলা বাকি ৬ ক্রিকেটার হলেন: রাকিবুল হাসান, আব্দুল গাফফার, রিপন মণ্ডল, আবু হায়দার, শামীম হোসেন ও ...

অর্থ বাণিজ্য ডেস্ক : অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টপ এন্ড টি-টুয়েন্টি টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের এইচপি (হাই পারফরম্যান্স) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উইকেটকিপার-ব্যাটসম্যান ইরফান শুক্কুরের নেতৃত্বে ঘোষিত এ দলে জায়গা পেয়েছেন ৭ জন আন্তর্জাতিক ক্রিকেট খেলা খেলোয়াড়। তাঁদের মধ্যে একমাত্র ৩৪ বছর বয়সী সাব্বির রহমানেরই ক্রিকেটের তিন সংস্করণে খেলার অভিজ্ঞতা আছে।

আন্তর্জাতিক ক্রিকেটে খেলা বাকি ৬ ক্রিকেটার হলেন: রাকিবুল হাসান, আব্দুল গাফফার, রিপন মণ্ডল, আবু হায়দার, শামীম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

অস্ট্রেলিয়ার ডারউইনে এ নিয়ে তৃতীয়বার টপ এন্ড টি-টুয়েন্টিতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আগের দুই আসরের একটিতে ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি বাংলাদেশ এইচপি দলের।

এবারের দলটি নিয়ে প্রথম আলোর মুখোমুখি হয়ে নির্বাচক নাঈম ইসলাম বলেন, ‘আমাদের কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে, যেন জাতীয় দলের ব্যাকআপ আরও উন্নত হয়। এ ছাড়া অনেক তরুণ ক্রিকেটারও আছে। তারা নিজেদের প্রমাণের সুযোগ পাবে। আপনি যদি দেখেন, এই দলে শামীমও আছে। আমরা চাচ্ছি সে যেন কিছু রান করে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারে।’

বাংলাদেশ এইচপি দলে সাধারণত উদীয়মান তরুণদের সুযোগ দেওয়া হয়। তবে সাম্প্রতিক সময়ে ৩০ পার হওয়া ক্রিকেটারদের রাখা নিয়ে সমালোচনা চলছে। ডারউইনমুখী এবারের দলেও আছেন সাব্বির রহমান ও আবু হায়দারের মতো অভিজ্ঞ ক্রিকেটার। অধিনায়ক ইরফান শুক্কুরের বয়সও ৩৩ বছর।

এইচপি দলে অপেক্ষাকৃত বয়স্ক ও অভিজ্ঞদের রাখার কারণ ব্যাখ্যা করে নাঈম ইসলাম বলেন, ‘কোনো ক্রিকেটারের যদি দুই বছরও ভালো কিছু দেওয়ার সামর্থ্য থাকে, আমরা সেটাকে ব্যবহার করতে চাই। যুব দল পেরিয়ে আসা ক্রিকেটারদের জন্য এখন অনূর্ধ্ব-২৩ প্রোগ্রাম চালু হয়েছে। অভিজ্ঞ যাঁরা ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করবে, তাদেরও তো একটা মোটিভেশনের দরকার আছে। তারা যদি সুযোগ পায়, এটা দেখে অন্যরাও উদ্বুদ্ধ হবে।’

আগামী ২১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত চলবে টপ এন্ড টি-টুয়েন্টির এবারের আসর। বাংলাদেশ এইচপি দলসহ মোট ৯টি দল এতে অংশ নিচ্ছে। বাকি ৮টি দল হলো—নিউজিল্যান্ড ‘এ’, নেপাল জাতীয় দল, শিকাগো কিংসভেন, অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি, ক্রিকেট ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স, হোবার্ট হারিকেনস ও নর্দার্ন টেরিটরি স্ট্রাইক।

সেমিফাইনাল ও ফাইনালের আগে অংশগ্রহণকারী প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। ২২ আগস্ট নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ এইচপি। এরপর ২৩ আগস্ট হোবার্ট হারিকেন্স একাডেমি, ২৪ আগস্ট ক্রিকেট ভিক্টোরিয়া একাদশ, ২৫ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি, ২৭ আগস্ট নিউজিল্যান্ড ‘এ’ এবং ২৮ আগস্ট স্বাগতিক নর্দান টেরিটরি স্ট্রাইকের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ এইচপি দল:

ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান, জিসান আলম, মেহরব হাসান, সামিউন বাসীর, সাব্বির রহমান, রোহান উদ দৌলা, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আব্দুল গাফফার, রিপন মণ্ডল, মোহাম্মদ রুবেল, আবু হায়দার, শামীম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।