অর্থ-বাণিজ্য প্রতিবেদক :   বাংলাদেশে স্থানীয় পরিচালনা পর্ষদ (বোর্ড) না থাকলেও বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলো এখন মিউচ্যুয়াল ফান্ডের কাস্টডিয়ান হিসেবে কার্যক্রম পরিচালনা করতে পারবে। এ ক্ষেত্রে ব্যাংকের ব্যবস্থাপনা কমিটি বা মনোনীত ব্যক্তি পরিচালনা পর্ষদের পক্ষে প্রয়োজনীয় দায়িত্ব পালন করতে পারবেন। এতে বিদেশি ব্যাংকগুলোর কাস্টডিয়ান কার্যক্রম পরিচালনায় দীর্ঘদিনের সাংগঠনিক ও নিয়ন্ত্রক জটিলতা দূর হবে।

এ বিষয়ে বৃহস্পতিবার একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের চেয়ারম্যান মাসুদ খান স্বাক্ষরিত নির্দেশনাটি অবিলম্বে ...

অর্থ-বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশে স্থানীয় পরিচালনা পর্ষদ (বোর্ড) না থাকলেও বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলো এখন মিউচ্যুয়াল ফান্ডের কাস্টডিয়ান হিসেবে কার্যক্রম পরিচালনা করতে পারবে। এ ক্ষেত্রে ব্যাংকের ব্যবস্থাপনা কমিটি বা মনোনীত ব্যক্তি পরিচালনা পর্ষদের পক্ষে প্রয়োজনীয় দায়িত্ব পালন করতে পারবেন। এতে বিদেশি ব্যাংকগুলোর কাস্টডিয়ান কার্যক্রম পরিচালনায় দীর্ঘদিনের সাংগঠনিক ও নিয়ন্ত্রক জটিলতা দূর হবে।

এ বিষয়ে বৃহস্পতিবার একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের চেয়ারম্যান মাসুদ খান স্বাক্ষরিত নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।

বিএসইসি জানায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৩-এর বিধি ৪৩(৬) অনুযায়ী, মিউচ্যুয়াল ফান্ডের কাস্টডিয়ানের পরিচালনা পর্ষদ কর্তৃক মনোনীত স্বাক্ষরকারীর মাধ্যমে ফান্ডের ব্যাংক হিসাব ও সিকিউরিটিজ হিসাব পরিচালনার বিধান রয়েছে।

কিন্তু বিদেশি মালিকানাধীন অনেক ব্যাংকের বাংলাদেশে কোনো স্থানীয় পরিচালনা পর্ষদ নেই। এসব ব্যাংকের স্থানীয় কার্যক্রম পরিচালিত হয় ব্যবস্থাপনা কমিটি বা মনোনীত ব্যক্তির মাধ্যমে। ফলে বিদ্যমান বিধিমালার আলোকে পরিচালনা পর্ষদের মাধ্যমে স্বাক্ষরকারী মনোনয়নের বিধান বাস্তবায়নে জটিলতা দেখা দিচ্ছিল। এর কারণে কাস্টডিয়ান হিসেবে কার্যক্রম পরিচালনা এবং ফান্ডের হিসাব পরিচালনার ক্ষেত্রে নিয়ন্ত্রক ও সাংগঠনিক বাধা তৈরি হচ্ছিল।

এই বাস্তবতা বিবেচনায় নিয়ে বিএসইসি নতুন নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ধারা ২০(এ)-এর ক্ষমতাবলে বিদেশি মালিকানাধীন ব্যাংকের ব্যবস্থাপনা কমিটি বা মনোনীত ব্যক্তি মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা, ২০২৩-এর বিধি ৪৩(৬)-এর উদ্দেশ্য পূরণে পরিচালনা পর্ষদের পক্ষে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

কমিশনের মতে, এই নির্দেশনার উদ্দেশ্য হলো বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা। এতে বিদেশি ব্যাংকগুলোকে কোনো বিশেষ সুবিধা দেওয়া হয়নি; বরং তাদের বিদ্যমান সাংগঠনিক কাঠামোর সঙ্গে বিধিমালার সমন্বয় ঘটানো হয়েছে।

মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ সংরক্ষণ, ব্যাংক হিসাব ও সিকিউরিটিজ হিসাব পরিচালনায় কাস্টডিয়ানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন নির্দেশনার ফলে বিদেশি ব্যাংকের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ কে হবেন, সে বিষয়ে অনিশ্চয়তা দূর হলো এবং কাস্টডিয়ান কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে।