বিনোদন প্রতিবেদক : অভিনেত্রী সোনাক্ষী সিন্‌হার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ট্রোলিং ও অপপ্রচার চালানো হয়, তার পেছনে বিজেপির তথ্যপ্রযুক্তি শিবির রয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর বাবা ও অভিনেতা-রাজনীতিক শত্রুঘ্ন সিন্‌হা। তাঁর দাবি, এসব ট্রোলিংয়ের বড় অংশই অর্থের বিনিময়ে করানো হয়।

সম্প্রতি বিভিন্ন আন্দোলন ও রাজনৈতিক ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন সোনাক্ষী। যন্তর মন্তরের আন্দোলন, ছাত্রদের প্রতিবাদ এবং সোনম ওয়াংচুকের অনশন নিয়ে পোস্ট করায় নেটিজেনদের একাংশের সমালোচনার মুখেও পড়েন তিনি। এরপরই মেয়ের ...

বিনোদন প্রতিবেদক : অভিনেত্রী সোনাক্ষী সিন্‌হার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ট্রোলিং ও অপপ্রচার চালানো হয়, তার পেছনে বিজেপির তথ্যপ্রযুক্তি শিবির রয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর বাবা ও অভিনেতা-রাজনীতিক শত্রুঘ্ন সিন্‌হা। তাঁর দাবি, এসব ট্রোলিংয়ের বড় অংশই অর্থের বিনিময়ে করানো হয়।

সম্প্রতি বিভিন্ন আন্দোলন ও রাজনৈতিক ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন সোনাক্ষী। যন্তর মন্তরের আন্দোলন, ছাত্রদের প্রতিবাদ এবং সোনম ওয়াংচুকের অনশন নিয়ে পোস্ট করায় নেটিজেনদের একাংশের সমালোচনার মুখেও পড়েন তিনি। এরপরই মেয়ের হয়ে মুখ খুলেছেন শত্রুঘ্ন।

এক সাক্ষাৎকারে সোনাক্ষীর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে শত্রুঘ্ন বলেন, কয়েক দিন আগেই তাঁর মেয়ে ঝাড়খণ্ডের ছেলেমেয়েদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন। তাই বিভিন্ন ইস্যুতে সোনাক্ষীর অবস্থান নিয়ে সমালোচনার বিষয়টি তিনি তুলে ধরেন।

সোনাক্ষী ভবিষ্যতে সক্রিয় রাজনীতিতে আসবেন কি না, এমন প্রশ্নেরও মুখোমুখি হন শত্রুঘ্ন। জবাবে তিনি বলেন, এ বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেন না। আগে মেয়েকে এ ধরনের প্রশ্ন করলেও এখন তিনি শুধু এটুকুই বলতে চান—সোনাক্ষী একজন ‘যোগ্য কন্যা’।

মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রোলিং প্রসঙ্গে শত্রুঘ্নের অভিযোগ, এসবের বেশির ভাগই টাকা দিয়ে করানো হয়। তাঁর দাবি, বিজেপির আইটি সেল থেকেই এ ধরনের প্রচার চালানো হচ্ছে।

শত্রুঘ্ন বলেন, বিজেপির নীতির বিরোধিতা করলেই অনেকের বিরুদ্ধে একই ধরনের ট্রোলিং শুরু হয়। তাঁর অভিযোগ, অর্থের বিনিময়ে ট্রোল করা ব্যক্তিদের কী বলতে হবে, সেটিও নির্দিষ্ট করে দেওয়া হয়।

তবে এসব ট্রোলিংকে গুরুত্ব দেন না বলে জানিয়েছেন সোনাক্ষী। বাবার ভাষ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে কী বলা হচ্ছে, সোনাক্ষী সেসব দেখেনই না।