বন্ধ শিল্প চালু করতে ৪১ হাজার কোটি টাকার তহবিল, ১৭ ব্যাংকের সঙ্গে চুক্তি
বন্ধ ও সংকটে থাকা শিল্প-সেবা প্রতিষ্ঠান চালু করা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন বাড়ানো এবং কৃষি ও রপ্তানি খাতকে এগিয়ে নিতে ৪১ হাজার কোটি টাকার তহবিল বাস্তবায়নে ১৭টি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এসব ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যাংক খাতে তারল্য ও ঋণপ্রবাহ বাড়িয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরাতে এ উদ্যোগ ...
বন্ধ ও সংকটে থাকা শিল্প-সেবা প্রতিষ্ঠান চালু করা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন বাড়ানো এবং কৃষি ও রপ্তানি খাতকে এগিয়ে নিতে ৪১ হাজার কোটি টাকার তহবিল বাস্তবায়নে ১৭টি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এসব ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যাংক খাতে তারল্য ও ঋণপ্রবাহ বাড়িয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে গঠিত ৪১ হাজার কোটি টাকার এ তহবিল উৎপাদনশীল ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে প্রবাহিত করা হবে।
যে খাতে যাবে ৪১ হাজার কোটি টাকা
তহবিলের সবচেয়ে বড় অংশ ২০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বন্ধ শিল্প ও সেবা খাতের সহায়ক প্রাক-অর্থায়ন স্কিমে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বা উৎপাদন ব্যাহত হওয়া সম্ভাবনাময় শিল্প ও সেবা প্রতিষ্ঠান পুনরায় চালু করতে এ অর্থ ব্যবহার করা হবে।
এ ছাড়া সিএমএসএমই খাতের চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিলে দেওয়া হবে ৫ হাজার কোটি টাকা। ক্ষুদ্র, অতিক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের চলতি মূলধনের চাহিদা মেটাতে এ অর্থ দেওয়া হবে।
রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন রাখা হয়েছে। নতুন পণ্য ও বাজার তৈরি এবং রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার ক্ষেত্রে এ অর্থ ব্যবহার করা হবে।
কৃষি ও পল্লী খাতে বরাদ্দ রাখা হয়েছে ১০ হাজার কোটি টাকা। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টিতে এ অর্থ পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে দেওয়া হবে।
অন্যদিকে, দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে তুলতে আরও ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম রাখা হয়েছে। এর মাধ্যমে উত্তরাঞ্চলের কৃষি ও কৃষিভিত্তিক সংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ
স্থবির অর্থনীতিতে গতি ফেরানো এবং বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর লক্ষ্যে গত মে মাসে মোট ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল বাংলাদেশ ব্যাংক।
এর মধ্যে ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে ৪১ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন তহবিল হিসেবে গঠনের পরিকল্পনা করা হয়। বাকি ১৯ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে বিভিন্ন বিশেষ কর্মসূচিতে দেওয়ার কথা রয়েছে।
নতুন এ তহবিলের মাধ্যমে বন্ধ শিল্প পুনরায় চালু করার পাশাপাশি উৎপাদন, কর্মসংস্থান, কৃষি ও রপ্তানি কার্যক্রমে গতি ফেরানো এবং অর্থনীতিতে ঋণপ্রবাহ বাড়ানোর লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
