আবারও ক্যানসার শনাক্ত, কঠিন লড়াইয়ে সামিয়া আফরিন
দীর্ঘ পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপিকা ও অভিনেত্রী সামিয়া আফরিন। চিকিৎসার মধ্যেই নতুন করে কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন তিনি। তিন মাস আগে পরীক্ষায় তার শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট ধরা পড়েছে। এবার আক্রান্ত হয়েছেন ওভারিয়ান ক্যানসারে।
রোববার (২৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের শারীরিক অবস্থা, চিকিৎসা এবং মানসিক প্রস্তুতির কথা জানিয়েছেন সামিয়া।
সামিয়া জানান, প্রায় তিন মাস আগে পরীক্ষার পর শরীরে দ্বিতীয় ম্যালিগন্যান্ট শনাক্ত হলে দ্রুত অস্ত্রোপচার ...
দীর্ঘ পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপিকা ও অভিনেত্রী সামিয়া আফরিন। চিকিৎসার মধ্যেই নতুন করে কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন তিনি। তিন মাস আগে পরীক্ষায় তার শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট ধরা পড়েছে। এবার আক্রান্ত হয়েছেন ওভারিয়ান ক্যানসারে।
রোববার (২৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের শারীরিক অবস্থা, চিকিৎসা এবং মানসিক প্রস্তুতির কথা জানিয়েছেন সামিয়া।
সামিয়া জানান, প্রায় তিন মাস আগে পরীক্ষার পর শরীরে দ্বিতীয় ম্যালিগন্যান্ট শনাক্ত হলে দ্রুত অস্ত্রোপচার করতে হয় তাকে। পরে চিকিৎসকেরা জানান, এটি হাই-গ্রেড কার্সিনোমা। বর্তমানে তাই কেমোথেরাপি নিতে হচ্ছে তাকে।
পাঁচ বছরের চিকিৎসাযাত্রার অভিজ্ঞতা তুলে ধরে সামিয়া জানান, প্রথমবার তাকে কেমোথেরাপি নিতে হয়নি। তখন ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা চলেছিল। এবারের চিকিৎসা তার জন্য তাই অনেকটাই ভিন্ন অভিজ্ঞতা।
কেমোথেরাপির কারণে চুল পড়ে যাওয়ার সম্ভাবনার কথাও চিকিৎসকেরা জানিয়েছেন। তবে বিষয়টি নিয়ে ভেঙে না পড়ে মানসিকভাবে প্রস্তুত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সামিয়া। চুল পড়া শুরু হওয়ার আগেই নিজের নতুন হেয়ারকাট করে সেই পরিবর্তনকে ইতিবাচকভাবে নেওয়ার চেষ্টা করছেন তিনি।
নিজের অভিজ্ঞতা জানিয়ে সামিয়া বলেন, কেমোর কারণে চুল পড়ে যেতে পারে জেনে তিনি বিষয়টিকে স্বাভাবিকভাবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, সবকিছু নিয়ে মন খারাপ করে লাভ নেই; সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটাই গুরুত্বপূর্ণ।
সামিয়া আরও জানান, নিজের নতুন লুককে উদ্যাপন করে নিজেকেই অনুপ্রাণিত করতে চেয়েছেন। একই সঙ্গে ক্যানসারের সঙ্গে লড়াই করা মানুষদের এই কঠিন যাত্রার কথা উল্লেখ করে তিনি বলেন, যারা এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন, তারাই এই লড়াইয়ের কঠিনতা সবচেয়ে ভালো বোঝেন।
কঠিন এই সময়ে সবার কাছে দোয়া চেয়েছেন সামিয়া। আল্লাহ যেন চিকিৎসার পথ সহজ করেন, আগেরবারের মতো এবারও তাকে শক্তি দেন এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন—এমন প্রার্থনা করেছেন তিনি।
এর আগে ২০২৫ সালের মার্চে নিজের ক্যানসারজয়ের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন সামিয়া আফরিন। তখন তিনি জানিয়েছিলেন, ২০২২ সালের দিকে তার শরীরে চতুর্থ স্টেজের ক্যানসার শনাক্ত হয়েছিল। প্রায় দুই বছর চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন তিনি। পরে ক্যানসারে আক্রান্ত রোগীদের সহায়তায় একটি ফাউন্ডেশন গড়ে তোলার কাজেও যুক্ত হন সামিয়া।