খেলাধুলা ডেস্ক :   ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে পাকিস্তানের ভরাডুবির পর আবারও সমালোচনার কেন্দ্রে বাবর আজম। ৩৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান হেরেছে ১৯৪ রানের বড় ব্যবধানে। ম্যাচে দুই ইনিংসে বাবরের ব্যাট থেকে এসেছে মাত্র ৮ ও ৬ রান। এমন পারফরম্যান্সের পর পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান বাসিত আলী প্রশ্ন তুলেছেন, বাবর আদৌ ‘বড় খেলোয়াড়’ কি না।

‘দ্য গেম প্ল্যান’ অনুষ্ঠানে বাসিত বলেন, বড় খেলোয়াড় হওয়ার আসল মানদণ্ড হলো দলের বিপদের সময় দায়িত্ব ...

খেলাধুলা ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে পাকিস্তানের ভরাডুবির পর আবারও সমালোচনার কেন্দ্রে বাবর আজম। ৩৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান হেরেছে ১৯৪ রানের বড় ব্যবধানে। ম্যাচে দুই ইনিংসে বাবরের ব্যাট থেকে এসেছে মাত্র ৮ ও ৬ রান। এমন পারফরম্যান্সের পর পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান বাসিত আলী প্রশ্ন তুলেছেন, বাবর আদৌ ‘বড় খেলোয়াড়’ কি না।

‘দ্য গেম প্ল্যান’ অনুষ্ঠানে বাসিত বলেন, বড় খেলোয়াড় হওয়ার আসল মানদণ্ড হলো দলের বিপদের সময় দায়িত্ব নেওয়া। এ প্রসঙ্গে পাকিস্তানের সাবেক কিংবদন্তি ব্যাটসম্যানদের উদাহরণ টেনে তিনি বলেন, মজিদ খান, জহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদ, ইনজামাম-উল-হক, ইউনিস খান ও সাঈদ আনোয়াররা নিজেদের পারফরম্যান্স দিয়েই কিংবদন্তি হয়েছেন।

বাসিতের প্রশ্ন, ‘বড় খেলোয়াড় কাকে বলে? বিপদের দিনে যাঁরা দলের কান্ডারি হতে পারেন না, তাঁদের বড় খেলোয়াড় বলে লাভ কী? আপনার বড়ত্ব কি শুধু সোশ্যাল মিডিয়ায়? ভক্তদের পছন্দের তালিকায়?’

চোট কাটিয়ে লর্ডস টেস্টে খেলতে নেমেছিলেন বাবর। ম্যাচের আগে তিনি নিজেকে প্রায় ৯০ শতাংশ ফিট বলেছিলেন। তবে মাঠে তার প্রতিফলন দেখা যায়নি। প্রথম ইনিংসে ৮ রানের পর দ্বিতীয় ইনিংসে জফরা আর্চারের বলে ক্যাচ দিয়ে ফেরেন মাত্র ৬ রানে।

২০২২ সালের ডিসেম্বরে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬১ রানের ইনিংস খেলার পর টেস্টে আর সেঞ্চুরি পাননি বাবর। দীর্ঘ এই সময়ের মধ্যে সর্বশেষ ১৬ টেস্টে তাঁর ব্যাটিং গড় ৩০.৫৩। এর ফলে টেস্ট ক্যারিয়ারের গড়ও নেমে এসেছে ৪৩-এর কাছাকাছি।

বাবরের সাম্প্রতিক ফর্ম নিয়ে হতাশা প্রকাশ করে বাসিত বলেন, ‘আমি বাবরের নাম নিয়েই বলছি, আর কবে সেঞ্চুরিটা করবে? এটা সত্যিই কষ্টের। যখন পুরো দেশের ব্যাটিং লাইনআপ তোমার দিকে তাকিয়ে থাকে, অন্তত অমন একটা শট খেলে আউট হওয়া তো তোমার সাজে না।’

শুধু বাবর নন, লর্ডস টেস্টে পাকিস্তানের অন্য সিনিয়র ব্যাটসম্যানদের পারফরম্যান্স নিয়েও অসন্তুষ্ট বাসিত। দ্বিতীয় ইনিংসে ৯৭ রান করে দলের হয়ে লড়াইয়ের চেষ্টা করেছিলেন সৌদ শাকিল। তবে পাঁচজন ফিল্ডার থাকার পরও আক্রমণাত্মক শট খেলতে গিয়ে জশ টাংয়ের বলে ক্যাচ দেন তিনি। শাকিলের আউট নিয়েও প্রশ্ন তুলেছেন বাসিত।

মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং নিয়েও কড়া সমালোচনা করেছেন সাবেক এই ক্রিকেটার। ১ রান করে আউট হওয়া রিজওয়ানের শট দেখে বাসিত বলেন, ‘রিজওয়ান ওটা কী শট খেলল? কোনো সাধারণ জ্ঞান কি ওর অবশিষ্ট নেই? ও কি টেস্ট ম্যাচ খেলছে, নাকি পাড়ার মোড়ের ক্রিকেট?’

লর্ডসে জয়ের ফলে ইংল্যান্ড তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর এজবাস্টনে।