মেসির বিদায়ে আবেগঘন শ্রদ্ধা, মুশফিকের গায়ে উঠল ‘১০’ নম্বর জার্সি
খেলাধুলা ডেস্ক : আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির বিদায়ের ঘোষণায় আবেগাপ্লুত তাঁর সতীর্থ ও ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির সঙ্গে তোলা নানা স্মৃতির ছবি প্রকাশ করে তাঁকে বিদায় জানিয়েছেন অনেকেই। কেউ বিশ্বকাপ জয়ের মুহূর্তের ছবি দিয়েছেন, কেউ আবার মেসির ১০ নম্বর জার্সি পরে শ্রদ্ধা জানিয়েছেন কিংবদন্তিকে।
মেসির বিদায়ে সবচেয়ে নজরকাড়া ছবিগুলোর একটি এসেছে বাংলাদেশ থেকে। জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সি পরে নিজের ছবি ফেসবুকে প্রকাশ ...
খেলাধুলা ডেস্ক : আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির বিদায়ের ঘোষণায় আবেগাপ্লুত তাঁর সতীর্থ ও ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির সঙ্গে তোলা নানা স্মৃতির ছবি প্রকাশ করে তাঁকে বিদায় জানিয়েছেন অনেকেই। কেউ বিশ্বকাপ জয়ের মুহূর্তের ছবি দিয়েছেন, কেউ আবার মেসির ১০ নম্বর জার্সি পরে শ্রদ্ধা জানিয়েছেন কিংবদন্তিকে।
মেসির বিদায়ে সবচেয়ে নজরকাড়া ছবিগুলোর একটি এসেছে বাংলাদেশ থেকে। জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সি পরে নিজের ছবি ফেসবুকে প্রকাশ করেছেন। প্রিয় ফুটবল তারকার বিদায়ে এভাবেই ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন মুশফিক।
আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দি পলও মেসির সঙ্গে বিশ্বকাপ ট্রফি হাতে তোলা একটি ছবি প্রকাশ করেছেন। জাতীয় দলে মেসির ঘনিষ্ঠ সতীর্থ হিসেবে পরিচিত দি পল ছবিটির মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
২০২৬ বিশ্বকাপে মেসিকে কাঁধে নিয়ে তোলা একটি ছবি পোস্ট করেছেন এনজো ফার্নান্দেজ। মেসিকে উদ্দেশ করে আবেগঘন বার্তাও দিয়েছেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার।
২০২২ বিশ্বকাপ জয়ের পর মেসি ও আনহেল দি মারিয়ার সঙ্গে তোলা ছবি প্রকাশ করেছেন আর্জেন্টিনার স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। বিশ্বকাপজয়ী সেই মুহূর্তের স্মৃতি সামনে এনে মেসির বিদায়ে আবেগ প্রকাশ করেছেন তিনি।
মেসিকে জড়িয়ে ধরে কান্নার একটি ছবি পোস্ট করেছেন লাওতারো মার্তিনেজ। মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, তাঁর সবকিছুর জন্য মেসিকে ধন্যবাদ।
আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও মেসির সঙ্গে তোলা একটি বিশেষ ছবি প্রকাশ করেছেন। সামনে কোপা আমেরিকার ট্রফি ও ব্যক্তিগত পুরস্কার রাখা সেই ছবির মাধ্যমে মেসির অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি।
আর্জেন্টিনার ফর্মুলা ওয়ান তারকা ফ্রাঙ্কো কোলাপিন্টোও মেসির সঙ্গে তোলা একাধিক ছবি প্রকাশ করেছেন। মেসিকে নিজের আদর্শ উল্লেখ করে কিংবদন্তির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
এভাবেই মেসির বিদায়ের ঘোষণার পর সতীর্থ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রীড়াবিদ ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের প্রিয় তারকার সঙ্গে স্মৃতি ভাগ করে নিচ্ছেন।
