অর্থ বাণিজ্য প্রতিবেদক :    দেশে কমোডিটি এক্সচেঞ্জ চালুর প্রস্তুতি জোরদার করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এরই অংশ হিসেবে কমোডিটি ডেরিভেটিভসের লেনদেন ও পরিচালন পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনে ভারতের মুম্বাইভিত্তিক মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) সফর করছেন সিএসই কর্তৃপক্ষসহ দেশের নয়টি ব্রোকারেজ প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

কমোডিটি এক্সচেঞ্জ চালুর আগে ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত করা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা দেশের বাজারে কাজে লাগানোর লক্ষ্যেই এ সফরের আয়োজন করা হয়েছে।

সিএসইর উদ্যোগে দেশের নয়টি শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউজের ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশে কমোডিটি এক্সচেঞ্জ চালুর প্রস্তুতি জোরদার করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এরই অংশ হিসেবে কমোডিটি ডেরিভেটিভসের লেনদেন ও পরিচালন পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনে ভারতের মুম্বাইভিত্তিক মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) সফর করছেন সিএসই কর্তৃপক্ষসহ দেশের নয়টি ব্রোকারেজ প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

কমোডিটি এক্সচেঞ্জ চালুর আগে ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত করা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা দেশের বাজারে কাজে লাগানোর লক্ষ্যেই এ সফরের আয়োজন করা হয়েছে।

সিএসইর উদ্যোগে দেশের নয়টি শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে গঠিত প্রতিনিধি দলটি গত ৩০ আগস্ট থেকে ভারতের এমসিএক্স সফর করছে। বুধবার সিএসইর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরে প্রতিনিধি দলের সদস্যরা কমোডিটি ডেরিভেটিভস ট্রেডিংয়ের নিয়ম-কানুন, লেনদেন পরিচালনার প্রক্রিয়া, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ব্রোকারেজ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি এক্সচেঞ্জ ও ব্রোকারের মধ্যে সমন্বয় এবং প্রযুক্তিগত সংযোগ কীভাবে পরিচালিত হয়, সে বিষয়েও ধারণা নিচ্ছেন তারা।

সফরের অংশ হিসেবে গত ৩০ আগস্ট মুম্বাইয়ের দ্য ললিত মুম্বাইয়ে ‘অপারেশনাল অ্যাসপেক্টস অব কমোডিটি ডেরিভেটিভস: আ ব্রোকারেজ পারসপেক্টিভ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে এমসিএক্সের সাবেক চিফ রিস্ক ম্যানেজমেন্ট অফিসার গিতেশ শাহ এবং চেলা সফটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্বাইয়া রাজাগোপাল রিসোর্স পারসন হিসেবে অংশ নেন। কর্মশালায় এমসিএক্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ম্রুগাঙ্ক পারাঞ্জ্যাপেও অংশ নেন।

এরপর ১ সেপ্টেম্বর প্রতিনিধি দল এমসিএক্স ইন্ডিয়ার কার্যালয় পরিদর্শন করে। সেখানে ‘অপারেশনাল প্রসিডিউরস: এক্সচেঞ্জ-টু-ব্রোকার ইন্টারফেস’ বিষয়ে একটি উপস্থাপনায় অংশ নেন তারা। পরে এমসিএক্সসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এবং এমসিএক্সের সাবেক চিফ বিজনেস অফিসার ঋষি নাথানির সঙ্গে বৈঠক করেন সিএসইর প্রতিনিধিরা।

সিএসইর উপমহাব্যবস্থাপক একেএম শাহরোজ আলম ও সহকারী মহাব্যবস্থাপক মো. ফয়সাল হুদার নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ, ওয়ান সিকিউরিটিজ, বি রিচ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, পূবালী ব্যাংক সিকিউরিটিজ, ইউসিবি স্টক ব্রোকারেজ, আইল্যান্ড সিকিউরিটিজ, এমটিবি সিকিউরিটিজ এবং এনএলআই সিকিউরিটিজের কর্মকর্তারা।

সিএসই জানিয়েছে, আজ ২ সেপ্টেম্বরও এমসিএক্সের ব্যবস্থাপনায় প্রতিনিধি দলের আরও কয়েকটি ব্রোকারেজ অফিস পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

দেশে কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে শেয়ারবাজারের পাশাপাশি পণ্যভিত্তিক ডেরিভেটিভস লেনদেনের নতুন একটি বাজার তৈরি হবে। এ কারণে সংশ্লিষ্ট ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও প্রস্তুতি নিশ্চিত করতে এ ধরনের আন্তর্জাতিক অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ বলে মনে করছে সিএসই।