সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা ফেরত নিতে আমানতকারীদের ব্যাপক চাপ তৈরি হয়েছে। আবেদন নেওয়া শুরুর মাত্র দুই দিনেই ৩৭ হাজার গ্রাহক টাকা ফেরতের আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে তাঁদের চাহিদার পরিমাণ প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা। গ্রাহকদের আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ৭ সেপ্টেম্বর থেকে টাকা ফেরত দেওয়া শুরু করবে ব্যাংকটি।

ব্যাংক সূত্রে জানা গেছে, মঙ্গলবার প্রথম দিনে ১৮ হাজার এবং বুধবার দ্বিতীয় দিনে আরও ১৯ হাজার আবেদন জমা পড়ে। ফলে ...

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা ফেরত নিতে আমানতকারীদের ব্যাপক চাপ তৈরি হয়েছে। আবেদন নেওয়া শুরুর মাত্র দুই দিনেই ৩৭ হাজার গ্রাহক টাকা ফেরতের আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে তাঁদের চাহিদার পরিমাণ প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা। গ্রাহকদের আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ৭ সেপ্টেম্বর থেকে টাকা ফেরত দেওয়া শুরু করবে ব্যাংকটি।

ব্যাংক সূত্রে জানা গেছে, মঙ্গলবার প্রথম দিনে ১৮ হাজার এবং বুধবার দ্বিতীয় দিনে আরও ১৯ হাজার আবেদন জমা পড়ে। ফলে দুই দিনে মোট আবেদন দাঁড়িয়েছে ৩৭ হাজার। এত অল্প সময়ে বিপুলসংখ্যক আমানতকারীর টাকা ফেরতের আবেদন সম্মিলিত ইসলামী ব্যাংকের সামনে বড় ধরনের অর্থ পরিশোধের চাপ তৈরি করেছে।

গ্রাহকদের আমানত ফেরত দিতে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংককে ২৫ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিচ্ছে। প্রয়োজন অনুযায়ী এ সহায়তার পরিমাণ আরও বাড়তে পারে। আগামী সপ্তাহে প্রথম দফার পরিশোধের জন্য ব্যাংকগুলোকে ৫ থেকে ৬ হাজার কোটি টাকা নগদ সহায়তা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের আওতায় একীভূত হওয়া এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা এ সুবিধা পাবেন। তাঁদের আমানত ফেরতের অর্থের জোগান দেবে বাংলাদেশ ব্যাংক।

৭ সেপ্টেম্বর থেকে টাকা ফেরত

ব্যাংকের শাখা ও উপশাখায় ব্যক্তি আমানতকারীদের কাছ থেকে টাকা উত্তোলনের আবেদন নেওয়া হচ্ছে। আবেদন যাচাই-বাছাই শেষে নিয়ম অনুযায়ী পাওনা অর্থ পরিশোধ করা হবে। তবে কোনো কোনো আবেদন নিষ্পত্তিতে সর্বোচ্চ ১০ কার্যদিবস পর্যন্ত সময় লাগতে পারে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান বলেন, বুধবার রাতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক হয়েছে। গ্রাহকদের টাকা পরিশোধ করা হবে। আবেদন যাচাই-বাছাই করে তাঁদের মূলধন ফেরত দেওয়া হবে।

তিনি বলেন, কেউ হিসাব চালু রাখলে নিয়ম অনুযায়ী মুনাফাসহ অর্থ পাবেন। মুদারাবা ও চলতি হিসাবে কোনো টাকা কাটা হবে না। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

মূল টাকা পাবেন, মুনাফা নয়

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা চলতি ও সঞ্চয়ী হিসাবের টাকা এবং মেয়াদি আমানতের মূল টাকা উত্তোলন করতে পারবেন। তবে এ সুবিধার আওতায় আমানতের বিপরীতে অর্জিত বা প্রাপ্য মুনাফা পাওয়া যাবে না।

কোনো গ্রাহক মূল টাকা তুলে নিলে সংশ্লিষ্ট আমানতের ক্ষেত্রে সেটিকে পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে গণ্য করা হবে। একই সঙ্গে হস্তান্তরকারী ব্যাংকের কাছে কোনো গ্রাহকের ঋণ বা দায় থাকলে টাকা ফেরতের আগে তা আমানতের অর্থ থেকে সমন্বয় করা হবে।

তবে যেসব গ্রাহক এখনই টাকা তুলবেন না, তাঁরা হিসাব চালু রাখলে চুক্তি অনুযায়ী প্রযোজ্য হারে মুনাফা পাওয়ার সুযোগ পাবেন। মেয়াদি আমানত মেয়াদপূর্তির আগে ভাঙলে মূল টাকা পাওয়া গেলেও ওই অর্থের ওপর মুনাফা পাওয়া যাবে না। আংশিক টাকা উত্তোলন করলে অবশিষ্ট অর্থের ওপর প্রযোজ্য নিয়মে মুনাফা পাওয়ার সুযোগ থাকবে।

যাচাইয়ে লাগতে পারে ১০ কার্যদিবস

ব্যাংকটির চেয়ারম্যান জানান, উপযুক্ত প্রমাণের ভিত্তিতে কোনো গ্রাহক টাকা উত্তোলনের আবেদন করলে যাচাই শেষে তাঁর প্রাপ্য অর্থ দেওয়া হবে। তবে প্রধান কার্যালয়ে আবেদন যাচাইয়ের প্রয়োজন হওয়ায় কোনো কোনো ক্ষেত্রে ১০ কার্যদিবস পর্যন্ত সময় লাগতে পারে।

তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় অর্থসহ সব ধরনের সহায়তা দেবে।

দুই দিনে ৩৭ হাজার আবেদন জমা পড়ার পর এখন মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিপুলসংখ্যক আবেদন দ্রুত যাচাই করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া। ৭ সেপ্টেম্বর থেকে প্রথম দফায় পরিশোধ শুরু হলে সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনায় আমানতকারীদের আস্থা ফেরানোর পরীক্ষাও শুরু হবে।