স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়কে পাশে পেয়ে নিজেকে ‘ভাগ্যবতী’ মনে করেন সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। কর্মজীবনের ব্যস্ততার পাশাপাশি কীভাবে দুজন মিলে সংসার সামলান, সম্প্রতি এক সাক্ষাৎকারে তা জানিয়েছেন এই গায়িকা।

শ্রেয়ার ভাষ্য, সংসারের কাজ ভাগাভাগি করেই করেন তাঁরা। এমনকি শিলাদিত্য নিজের অনেক কাজ নিজেই করতে পছন্দ করেন। নিজের থালা-বাসন ধোয়া থেকে শুরু করে রান্নাঘর পরিষ্কার—এসব কাজও স্বামীর কাছে স্বাভাবিক বিষয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শিলাদিত্য সম্পর্কে শ্রেয়া বলেন, ‘আমি ভাগ্য করে এই মানুষটাকে পেয়েছি। ও পুরো ...

স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়কে পাশে পেয়ে নিজেকে ‘ভাগ্যবতী’ মনে করেন সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। কর্মজীবনের ব্যস্ততার পাশাপাশি কীভাবে দুজন মিলে সংসার সামলান, সম্প্রতি এক সাক্ষাৎকারে তা জানিয়েছেন এই গায়িকা।

শ্রেয়ার ভাষ্য, সংসারের কাজ ভাগাভাগি করেই করেন তাঁরা। এমনকি শিলাদিত্য নিজের অনেক কাজ নিজেই করতে পছন্দ করেন। নিজের থালা-বাসন ধোয়া থেকে শুরু করে রান্নাঘর পরিষ্কার—এসব কাজও স্বামীর কাছে স্বাভাবিক বিষয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শিলাদিত্য সম্পর্কে শ্রেয়া বলেন, ‘আমি ভাগ্য করে এই মানুষটাকে পেয়েছি। ও পুরো বাড়িটা সামলায়। নিজের মতো করে থাকতে ভালোবাসে বলে ও নিজেই নিজের থালা-বাসন ধুয়ে নেয়, রান্নাঘর পরিষ্কার করে। আমি সেগুলো করে দিলে বরং ও রেগে যায়।’

দুজনেরই পেশাগত ব্যস্ততা রয়েছে। তাই একজনকে সব সময় বাড়িতে থাকার প্রত্যাশা অন্যজনের কাছে নেই বলেও জানান শ্রেয়া। তাঁর কথায়, কাজের ব্যস্ততার মধ্যেও দুজন মিলে সংসারের দায়িত্ব সামলান তাঁরা।

শ্রেয়া বলেন, ‘আমরা দুজনেই সারাদিন কঠিন পরিশ্রম করি। তাই সংসারের কাজও একসঙ্গে করি। ও কখনো বলেনি, তুমি বাড়িতে কেন নেই। অনেক সময় আমি মাসের পর মাস বাড়িতে থাকি না। আমাদের প্রেমের সময় থেকেই ও বিষয়টি এমনভাবে নিয়েছে। ও জানত, আমি ওর জন্য থাকব।’

স্বামীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের অহমিকা নেই বলেও জানান শ্রেয়া। তাঁর ভাষায়, ‘ওর কোনো অহমিকা নেই, আমারও নেই। এই দিক থেকে আমরা দুজনেই একই রকম।’

শ্রেয়ার কথায়, তাঁদের দাম্পত্য জীবনের কেন্দ্রে এখন সন্তান। দুজনই শান্ত স্বভাবের হওয়ায় পারিবারিক জীবনও বেশ স্বাভাবিকভাবেই কাটছে।

শ্রেয়া ও শিলাদিত্যের পরিচয় অবশ্য নতুন নয়। স্কুলজীবন থেকেই তাঁদের বন্ধুত্ব। পরবর্তী সময়ে সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে। শ্রেয়ার সংগীতজীবনের শুরু হয় ‘দেবদাস’ সিনেমার মাধ্যমে। তখন শিলাদিত্যও তথ্যপ্রযুক্তি খাতে নিজের ক্যারিয়ার গড়ে তুলছিলেন।

দীর্ঘদিনের সম্পর্কের পর ২০১৫ সালে বিয়ে করেন তাঁরা। ২০২১ সালে তাঁদের সংসারে আসে প্রথম সন্তান—ছেলে দেবযান।