ইতালির ভেনিসে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এ অভিযোগ করেন তিনি।

বাঁধনের অভিযোগ, ভেনিসের একটি পার্কে স্বজনদের সঙ্গে সময় কাটানোর সময় কয়েকজন প্রবাসী বাংলাদেশি তার সঙ্গে শারীরিকভাবে হেনস্তা করেন। তাদের মধ্যে প্রবাসী আওয়ামী লীগের কর্মী-সমর্থকরাও ছিলেন বলে দাবি করেন তিনি।

ফেসবুক লাইভে বাঁধন জানান, তিনি ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে গিয়েছিলেন। সেখানে কয়েকজন বাংলাদেশি এসে তার ওপর পানি ও কোক ছুড়ে ...

ইতালির ভেনিসে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এ অভিযোগ করেন তিনি।

বাঁধনের অভিযোগ, ভেনিসের একটি পার্কে স্বজনদের সঙ্গে সময় কাটানোর সময় কয়েকজন প্রবাসী বাংলাদেশি তার সঙ্গে শারীরিকভাবে হেনস্তা করেন। তাদের মধ্যে প্রবাসী আওয়ামী লীগের কর্মী-সমর্থকরাও ছিলেন বলে দাবি করেন তিনি।

ফেসবুক লাইভে বাঁধন জানান, তিনি ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে গিয়েছিলেন। সেখানে কয়েকজন বাংলাদেশি এসে তার ওপর পানি ও কোক ছুড়ে মারেন। এতে তার পুরো শরীর ভিজে যায়।

অভিনেত্রীর ভাষ্য, একপর্যায়ে ওই ব্যক্তিরা তার গায়ে হাত তোলেন এবং তার ফোন ফেলে দেন। এ সময় কানের পাশেও আঘাত করা হয় বলে অভিযোগ করেন তিনি।

বাঁধন আরও বলেন, তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বলা হয় এবং সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করা হয়।

নিজেকে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী উল্লেখ করে বাঁধন বলেন, তিনি আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং এ বিষয়ে নিজের অবস্থান নিয়ে তিনি গর্বিত।

অভিনেত্রী বর্তমানে নিজের অভিনীত সিনেমা নিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়েছেন। উৎসবের আনুষ্ঠানিকতা শেষে তিনি সেখানে থাকা স্বজনদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন।

হামলার ঘটনার পর বাঁধন নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক ভিডিও প্রকাশ করেছেন। তার দাবি, এসব ভিডিওতে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কিছু দৃশ্য দেখা যাচ্ছে।

এ ঘটনায় জড়িতদের উদ্দেশে বাঁধন বলেন, এ ধরনের আচরণ থেকে তাদের বেরিয়ে আসা উচিত ছিল। এভাবে নিজেদের অবস্থান পুনর্গঠন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।