খেলাধুলা ডেস্ক :   বয়স যেন তাঁর কাছে শুধুই একটি সংখ্যা। ৪৭ বছর বয়সেও বল হাতে একের পর এক চমক দেখিয়ে চলেছেন ইমরান তাহির। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ৫ উইকেট নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার এই স্পিনার।

আজ প্রভিডেন্সে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে মাঠে নেমে ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন তাহির। ৫ উইকেট নেওয়ার ...

খেলাধুলা ডেস্ক : বয়স যেন তাঁর কাছে শুধুই একটি সংখ্যা। ৪৭ বছর বয়সেও বল হাতে একের পর এক চমক দেখিয়ে চলেছেন ইমরান তাহির। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ৫ উইকেট নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার এই স্পিনার।

আজ প্রভিডেন্সে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে মাঠে নেমে ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন তাহির। ৫ উইকেট নেওয়ার সময় তাঁর বয়স ছিল ৪৭ বছর ১৬৬ দিন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটিই তাঁর ক্যারিয়ারসেরা বোলিং।

ম্যাচ শেষে নিজের এই অসাধারণ পারফরম্যান্সের পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে ছেলের কথা জানিয়েছেন তাহির। ছেলের সঙ্গে একদিন একই দলে খেলার স্বপ্নই তাঁকে এই বয়সেও কঠোর পরিশ্রম করে যেতে অনুপ্রাণিত করছে।

তবে সেই স্বপ্ন পূরণে তাহিরকে আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে হবে। কারণ তাঁর ছেলের বয়স এখন মাত্র ১২ বছর। ফলে সামনে আরও কয়েকটি বছর খেলতে পারলে হয়তো বাবা-ছেলেকে একই মাঠে দেখা যেতে পারে।

সেন্ট লুসিয়ার বিপক্ষে ৫ উইকেট নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো পাঁচ উইকেটের দেখা পেলেন তাহির। এই সংস্করণে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার তালিকায় তিনি এখন দ্বিতীয়। তাঁর ওপরে আছেন নামিবিয়ার ডেভিড ভিসা, যিনি পাঁচ উইকেট নিয়েছেন সাতবার।

তাহিরের পর পাঁচবার করে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি আছে শাহিন শাহ আফ্রিদি, লাসিথ মালিঙ্গা, ভুবনেশ্বর কুমার, সাকিব আল হাসান ও রশিদ খানের।

শুধু পাঁচ উইকেট নয়, টি-টোয়েন্টির সামগ্রিক উইকেটসংখ্যাতেও নিজের অবস্থান আরও শক্ত করেছেন তাহির। সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে তাঁর উইকেট এখন ৫৮৯টি। এই সংস্করণে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তাঁর অবস্থান চতুর্থ।

তাহিরের ওপরে আছেন রশিদ খান ৭৩৬ উইকেট নিয়ে শীর্ষে, সুনীল নারাইন ৬৫৭ এবং ডোয়াইন ব্রাভো ৬৩১ উইকেট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।

৫৮৯ উইকেটের মধ্যে সিপিএলেই তাহিরের শিকার ১৪২টি। চলতি মৌসুমে এখন পর্যন্ত নিয়েছেন ১২ উইকেট। ৪৭ বছর বয়সেও শুধু বল হাতে নয়, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের নেতৃত্বও দিচ্ছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য অনেক আগেই থেমেছে তাহিরের পথচলা। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন সাত বছরেরও বেশি আগে। জাতীয় দলের হয়ে তিনি ২০টি টেস্ট, ১০৭টি ওয়ানডে ও ৩৮টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০১৯ সালের জুলাইয়ে তাঁর সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটি ছিল ওয়ানডে।

আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে এখনো নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন ৪৭ বছর বয়সী এই লেগ স্পিনার। আর ছেলের সঙ্গে একদিন মাঠ ভাগাভাগি করার স্বপ্ন তাঁকে হয়তো আরও কিছুদিন ক্রিকেটে টিকিয়ে রাখবে।