সাফ শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল
খেলাধুলা ডেস্ক : প্রায় পাঁচ বছর পর আবারও ঘরোয়া ফুটবলের ম্যাচ ফিরতে পারে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। আগামী নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজন শেষ হওয়ার পর দেশের ঐতিহ্যবাহী এই ভেন্যুতে ঘরোয়া ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
২০২১ সালের ২০ সেপ্টেম্বর আবাহনী ও বসুন্ধরা কিংসের ম্যাচের পর সংস্কারকাজের জন্য জাতীয় স্টেডিয়াম বন্ধ হয়ে যায়। দীর্ঘ সংস্কার শেষে আন্তর্জাতিক ফুটবল ফিরলেও এত দিন ঘরোয়া ফুটবলের কোনো ম্যাচ সেখানে আয়োজন করা ...
খেলাধুলা ডেস্ক : প্রায় পাঁচ বছর পর আবারও ঘরোয়া ফুটবলের ম্যাচ ফিরতে পারে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। আগামী নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজন শেষ হওয়ার পর দেশের ঐতিহ্যবাহী এই ভেন্যুতে ঘরোয়া ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
২০২১ সালের ২০ সেপ্টেম্বর আবাহনী ও বসুন্ধরা কিংসের ম্যাচের পর সংস্কারকাজের জন্য জাতীয় স্টেডিয়াম বন্ধ হয়ে যায়। দীর্ঘ সংস্কার শেষে আন্তর্জাতিক ফুটবল ফিরলেও এত দিন ঘরোয়া ফুটবলের কোনো ম্যাচ সেখানে আয়োজন করা হয়নি। এবার সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুত করা জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলও ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বাফুফে ভবনে কমপিটিশন কমিটি, প্রকিউরমেন্ট কমিটি ও গ্রাউন্ডস কমিটির যৌথ সভায় জাতীয় স্টেডিয়ামসহ দেশের বিভিন্ন ভেন্যুর অবস্থা নিয়ে আলোচনা হয়। সভা শেষে বাফুফে সদস্য ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, সাফ শেষ হওয়ার পর জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের চিন্তা রয়েছে।
তিনি বলেন, ‘সাফের পর ঘরোয়া ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো আমরা ঢাকা স্টেডিয়ামে আয়োজনের চিন্তাভাবনা করছি। সেটা হতে পারে ফেডারেশন কাপ ফাইনাল বা লিগের কিছু বড় ম্যাচ।’
আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টকে সামনে রেখে জাতীয় স্টেডিয়ামের সংস্কার ও প্রস্তুতির কাজ চলছে।
এদিকে ঘরোয়া ফুটবলের নতুন ভেন্যু হিসেবে যুক্ত হওয়া চাঁদপুর স্টেডিয়ামের মাঠ প্রস্তুতের কাজও শেষ পর্যায়ে। মাঠের পিচ সরিয়ে সেখানে ঘাস লাগানোর কাজ চলছে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে বাফুফের প্রতিনিধিদল চাঁদপুর স্টেডিয়াম পরিদর্শন করবে।
বাফুফে কমপিটিশন কমিটি জানিয়েছে, গাজীপুর, বসুন্ধরা কিংস অ্যারেনা, কুমিল্লা ও মুন্সিগঞ্জের ভেন্যুগুলোও ঘরোয়া ফুটবল আয়োজনের জন্য উপযুক্ত রয়েছে।
সূচি অনুযায়ী আগামী ১৮ ও ২২ সেপ্টেম্বর লিগ ও ফেডারেশন কাপের ম্যাচ আয়োজনের প্রস্তুতি চলছে। তবে লিগের সময়সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত মঙ্গলবার ১০টি ক্লাব ছয় দফা দাবি জানিয়ে বাফুফেকে চিঠি দিয়েছে। চিঠিতে সরাসরি লিগ পেছানোর দাবি না থাকলেও অনেক ক্লাবই পরোক্ষভাবে লিগ পিছিয়ে দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে।
বিষয়টি নিয়ে বাফুফে লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘ক্লাব এবং ফুটবল ফেডারেশন একে অপরের পরিপূরক। ক্লাবকে বাদ দিয়ে তো আমরা খেলতে পারব না। ক্লাব যদি না খেলতে চায়, আমাদের ইসি কমিটি বসে সিদ্ধান্ত নেব। আপাতত আগের সূচি অনুযায়ীই লিগ শুরু হবে।’
