রোনালদোর আল নাসরের দখলে ৮৭ বছরের বিশ্ব রেকর্ড
খেলাধুলা ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর গড়ল বিশ্ব রেকর্ড। সৌদি প্রো লিগে টানা ৯৪ ম্যাচে গোল করে ঘরোয়া শীর্ষ লিগে টানা সর্বোচ্চ ম্যাচে গোলের রেকর্ড এখন সৌদি ক্লাবটির। ৮৭ বছর ধরে এই রেকর্ডের মালিক ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেট।
গত শনিবার আল খালিজের মাঠে ১–১ গোলে ড্র করে রেকর্ডটি নিজেদের করে নেয় আল নাসর। ম্যাচে আল নাসরের হয়ে গোল করেন সৌদি ফরোয়ার্ড আবদুল্লাহ আল-হামদান। এর আগে গত ৯ সেপ্টেম্বর ...
খেলাধুলা ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর গড়ল বিশ্ব রেকর্ড। সৌদি প্রো লিগে টানা ৯৪ ম্যাচে গোল করে ঘরোয়া শীর্ষ লিগে টানা সর্বোচ্চ ম্যাচে গোলের রেকর্ড এখন সৌদি ক্লাবটির। ৮৭ বছর ধরে এই রেকর্ডের মালিক ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেট।
গত শনিবার আল খালিজের মাঠে ১–১ গোলে ড্র করে রেকর্ডটি নিজেদের করে নেয় আল নাসর। ম্যাচে আল নাসরের হয়ে গোল করেন সৌদি ফরোয়ার্ড আবদুল্লাহ আল-হামদান। এর আগে গত ৯ সেপ্টেম্বর আবহার বিপক্ষে ২–১ গোলের জয়ে আল নাসরের প্রথম গোলটি করেছিলেন রোনালদো। ওই গোলেই রিভার প্লেটের ৯৩ ম্যাচের রেকর্ড স্পর্শ করেছিল আল নাসর।
আল নাসরের এই রেকর্ডযাত্রা শুরু হয়েছিল ২০২৩ সালের ৮ ডিসেম্বর। সেদিন আল-রিয়াদকে ৪–১ গোলে হারিয়েছিল তারা। এরপর থেকে সৌদি প্রো লিগে প্রতিটি ম্যাচেই অন্তত একটি করে গোল করেছে রোনালদোর দল।
রিভার প্লেটের ৯৩ ম্যাচের রেকর্ডটি ছিল বেশ পুরোনো। ‘এল গ্রাফিকো’র তথ্য অনুযায়ী, ১৯৩৬ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১৯৩৯ সালের ৪ জুন পর্যন্ত আর্জেন্টিনার ঘরোয়া লিগে টানা ৯৩ ম্যাচে গোল করেছিল রিভার প্লেট। ওই সময়ে তারা করেছিল ৩০১ গোল।
রিভার প্লেটের সেই বিখ্যাত দলের সদস্য ছিলেন হোসে ম্যানুয়েল মোরেনো ফার্নান্দেজ। ‘এল চারো’ বা ‘কাউবয়’ নামে পরিচিত এই আর্জেন্টাইন কিংবদন্তি ১৯৩৫ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত রিভার প্লেটের হয়ে খেলেছেন। চল্লিশের দশকের আরেক কিংবদন্তি অ্যাডলফো পেদেরনেরার সঙ্গে তাঁর জুটি ছিল রিভার প্লেটের বিখ্যাত ‘লা মাকিনা’ দলের অন্যতম শক্তি।
মোরেনোকে আর্জেন্টাইন ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। আর্জেন্টিনার হয়ে দুবার কোপা আমেরিকা জেতা এই ইনসাইড ফরোয়ার্ড ছিলেন গোলের জন্যও বিখ্যাত। তাঁর সময়ে তাঁকে গোলবঞ্চিত করতে পারলে গোলরক্ষককে স্বর্ণপদক দেওয়ার ঘোষণা দিয়েছিল স্থানীয় একটি পত্রিকা—এমন কিংবদন্তিও প্রচলিত আছে।
তবে আল নাসর শুধু লিগের রেকর্ডই ভাঙেনি। ‘এল গ্রাফিকো’র হিসাবে, লিগের বাইরে অন্যান্য অফিশিয়াল ম্যাচ ধরলে রিভার প্লেটের আরও একটি রেকর্ড এখনো অক্ষত। ১৯৩৬ থেকে ১৯৩৯ সালের সেই সময়ে লিগ, কাপ ও অন্যান্য অফিশিয়াল প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯৬ ম্যাচে গোল করেছিল রিভার প্লেট।
এর মধ্যে ৯৩টি ছিল লিগ ম্যাচ। পেনিয়ারোলের বিপক্ষে এএফএ ও এইউএফের দ্বিপক্ষীয় প্রতিযোগিতায় দুটি এবং রোজারিও সেন্ট্রালের বিপক্ষে জাতীয় কাপের একটি ম্যাচেও গোল করেছিল রিভার প্লেট।
অর্থাৎ, ঘরোয়া শীর্ষ লিগে টানা ম্যাচে গোলের বিশ্ব রেকর্ড এখন আল নাসরের। আর সব ধরনের অফিশিয়াল ম্যাচ মিলিয়ে টানা গোলের রেকর্ডটি এখনো রিভার প্লেটের দখলেই।
