বাংলাদেশের নেপাল সফর চূড়ান্ত, মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি
খেলাধুলা ডেস্ক : আগামী বছরের মার্চে নেপাল সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। কাঠমান্ডুতে ২৬, ২৮ ও ৩০ মার্চ ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেপাল সফরের বিষয়টি নিশ্চিত করেছে। সম্প্রতি নেপালে ভয়াবহ বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিরিজটি আয়োজন করা হবে।
বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি আজ বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে ...
খেলাধুলা ডেস্ক : আগামী বছরের মার্চে নেপাল সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। কাঠমান্ডুতে ২৬, ২৮ ও ৩০ মার্চ ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেপাল সফরের বিষয়টি নিশ্চিত করেছে। সম্প্রতি নেপালে ভয়াবহ বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিরিজটি আয়োজন করা হবে।
বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি আজ বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পাশাপাশি দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
নেপাল সফরের আলোচনা শুরু হয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক ও রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির বৈঠকের মাধ্যমে। পরে বিসিবিও সফরের বিষয়ে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছিল।
বিসিবি বলছে, বাংলাদেশ ও নেপালের ক্রিকেটীয় সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে এই সিরিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের প্রতি বন্ধুত্ব ও সংহতির বার্তা দেওয়ার সুযোগ তৈরি হবে।
নেপালের ক্রিকেট উন্নয়নেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। এ সহযোগিতার আওতায় পুরুষ ও নারী দলের সফর বিনিময়, উচ্চ কার্যক্ষমতা কর্মসূচি, প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম থাকবে।
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে নেপালের বিপক্ষে দুবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের ওই দুই ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ।