নবম পে স্কেলের বাইরে যারা
সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় থাকছেন না। নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপনে এসব কর্মচারী, শ্রমিক ও অন্যান্যভাবে নিয়োজিত ব্যক্তিদের স্পষ্টভাবে এর বাইরে রাখা হয়েছে। তবে তাঁদের জন্য পরবর্তী সময়ে পৃথক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার।
শনিবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা কার্যকরের প্রজ্ঞাপন জারি করা হয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে জারি করা এই প্রজ্ঞাপনে নবম পে স্কেলের ...
সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় থাকছেন না। নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপনে এসব কর্মচারী, শ্রমিক ও অন্যান্যভাবে নিয়োজিত ব্যক্তিদের স্পষ্টভাবে এর বাইরে রাখা হয়েছে। তবে তাঁদের জন্য পরবর্তী সময়ে পৃথক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার।
শনিবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা কার্যকরের প্রজ্ঞাপন জারি করা হয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে জারি করা এই প্রজ্ঞাপনে নবম পে স্কেলের আওতা ও এর বাইরে থাকা বিভিন্ন শ্রেণির কর্মীদের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বেতন কাঠামো মূলত প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োজিত নিয়মিত কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে। ফলে নির্দিষ্ট কয়েকটি শ্রেণির কর্মচারী ও শ্রমিক নতুন স্কেলের বেতন-ভাতা পাবেন না।
যারা থাকছেন বাইরে
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে নিয়োজিত ব্যক্তিরা নবম পে স্কেলের আওতাভুক্ত নন। একইভাবে মূল প্রতিরক্ষা সার্ভিসে নিয়োজিত কর্মচারী এবং পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) কর্মরত ব্যক্তিদেরও এই বেতন কাঠামোর বাইরে রাখা হয়েছে।
এ ছাড়া প্রতিরক্ষা প্রাক্কলন থেকে বেতন পাওয়া বেসামরিক কর্মচারীরাও নতুন পে স্কেলের আওতায় থাকছেন না।
রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের সংজ্ঞায়িত শ্রমিক, শিক্ষানবিশ ও প্রশিক্ষণার্থী হিসেবে নিয়োজিত ব্যক্তিদের ক্ষেত্রেও নতুন বেতন কাঠামো প্রযোজ্য হবে না। আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত কর্মী এবং ‘দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োগ নীতিমালা, ২০২৫’-এর আওতায় থাকা শ্রমিকদেরও এর বাইরে রাখা হয়েছে।
এ ছাড়া চুক্তিভিত্তিক ও খণ্ডকালীন কর্মীরাও নবম পে স্কেলের সুবিধা পাবেন না। অর্থাৎ নিয়মিত সরকারি পদে নিয়োজিত কর্মচারীদের জন্য নির্ধারিত নতুন বেতন কাঠামো অস্থায়ী, চুক্তিভিত্তিক, প্রশিক্ষণার্থী ও অন্যান্য বিশেষ শ্রেণির কর্মীদের ক্ষেত্রে সরাসরি প্রযোজ্য হবে না।
পরে নেওয়া হবে পৃথক ব্যবস্থা
তবে এসব কর্মচারী ও শ্রমিকের জন্য নতুন বেতন কাঠামোর দরজা পুরোপুরি বন্ধ করা হয়নি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাঁদের বিষয়ে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফলে নবম পে স্কেল কার্যকর হওয়ার পর এসব কর্মীর বেতন, ভাতা বা পারিশ্রমিকের কাঠামো কী হবে, তা সরকারের পৃথক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। বিশেষ করে আউটসোর্সিং, চুক্তিভিত্তিক ও দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্তই তাঁদের আর্থিক সুবিধার পরিধি নির্ধারণ করবে।
