খেলাধুলা ডেস্ক :   ব্যালন ডি’অর নিয়ে লামিনে ইয়ামালের মন্তব্যকে ঘিরে আলোচনার কেন্দ্রে হ্যারি কেইন। তবে বিষয়টি নিয়ে স্প্যানিশ তরুণ তারকার সঙ্গে কথার লড়াইয়ে যেতে চান না বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার। বরং ইয়ামালের প্রশংসা করেই প্রসঙ্গটি এড়িয়ে গেছেন তিনি।

২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৩ গোল করেছেন কেইন। গত শুক্রবার ইউনিয়ন বার্লিনকে ৭-০ গোলে হারানোর ম্যাচে বুন্দেসলিগায় নিজের শততম গোলও পূর্ণ করেন তিনি।

এর আগে এক সাক্ষাৎকারে ইয়ামাল ...

এর আগে এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেছিলেন, ব্যালন ডি’অর এমন একজনের পাওয়া উচিত, যিনি বিশ্বের সেরা ফুটবলার—শুধু ‘৮০টি গোল করেছেন’ এমন কাউকে নয়। তাঁর এই মন্তব্যকে অনেকেই কেইনকে উদ্দেশ করে বলা কথা হিসেবে দেখছেন।

তবে ইয়ামালের মন্তব্য নিয়ে কোনো উত্তেজনায় যেতে রাজি নন কেইন। ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ম্যাচের পর বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সে কী বোঝাতে চেয়েছে, তা আমি জানি না। ইয়ামাল একজন অসাধারণ খেলোয়াড়। সে দুর্দান্ত একটা মৌসুম কাটিয়েছে, যেমন আরও অনেকে কাটিয়েছে।’

ব্যালন ডি’অরের দৌড়ে শুধু ইয়ামাল ও কেইন নন, আরও অনেক খেলোয়াড় রয়েছেন বলেও মনে করেন ইংল্যান্ড অধিনায়ক। কিলিয়ান এমবাপ্পে, রদ্রি ও তাঁর বায়ার্ন সতীর্থ মাইকেল ওলিসের নাম উল্লেখ করে কেইন বলেন, ‘যে কেউ নিজের মতপ্রকাশ করতে পারে। সেটা নিয়ন্ত্রণ করা আমার কাজ নয়।’

ব্যক্তিগত পুরস্কার নিয়ে বিতর্কে জড়ানোরও ইচ্ছা নেই কেইনের। তিনি বলেন, ‘নিজের সম্পর্কে কথা বলতে আমি খুব একটা পছন্দ করি না। মাঠে নিজের কাজটাই করে যেতে চাই। এই বিষয়ে সবারই নিজস্ব মত থাকবে, আর সেটা একদম স্বাভাবিক।’

কেইন শান্ত থাকলেও বিষয়টি নিয়ে বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর মাক্স এবার্ল কিছুটা সরব হয়েছেন। ইয়ামালের মন্তব্যের পাল্টা জবাবে তিনি বলেন, ‘সেরা খেলোয়াড়দের নিজেদের পক্ষে কোনো প্রচারণা চালাতে হয় না।’

বায়ার্নের ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসেকেও ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার হিসেবে উল্লেখ করেছেন এবার্ল। তাঁর মতে, ওলিসেও বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।

এদিকে এত আলোচনা-সমালোচনার মধ্যেও পুরস্কারের পুরো প্রক্রিয়াটি উপভোগ করছেন কেইন। তিনি বলেন, ‘আমার দৃষ্টিকোণ থেকে বললে, আমি পুরো প্রক্রিয়াটি বেশ উপভোগ করছি। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আমি শুধু মাঠে নিজের কাজ করে যাব।’

আগামী ২৬ অক্টোবর লন্ডনে বসবে এবারের ব্যালন ডি’অরের জমকালো অনুষ্ঠান। সেদিনই জানা যাবে, শেষ পর্যন্ত কার হাতে উঠছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত ফুটবল পুরস্কার।