এশিয়ান গেমসে ফাইনালেই চোখ লিটনের
খেলাধুলা ডেস্ক : এশিয়ান গেমস ক্রিকেটে সোনার পদক জয়ের পথে এখনই বেশি দূর ভাবতে চান না বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তাঁর প্রথম লক্ষ্য ফাইনালে ওঠা। আর সেই লক্ষ্যে প্রথম বাধা মালয়েশিয়া।
জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে আগামীকাল নিশিনে কোরোগি স্পোর্টস পার্কে কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে লিটন জানিয়েছেন, দলের আপাতত সব মনোযোগ এই ম্যাচ ঘিরেই।
লিটন বলেন, ‘দেশ ছাড়ার আগে বলেছিলাম যে আমাদের প্রথম লক্ষ্য ফাইনালে যাওয়া। ...
খেলাধুলা ডেস্ক : এশিয়ান গেমস ক্রিকেটে সোনার পদক জয়ের পথে এখনই বেশি দূর ভাবতে চান না বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তাঁর প্রথম লক্ষ্য ফাইনালে ওঠা। আর সেই লক্ষ্যে প্রথম বাধা মালয়েশিয়া।
জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে আগামীকাল নিশিনে কোরোগি স্পোর্টস পার্কে কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে লিটন জানিয়েছেন, দলের আপাতত সব মনোযোগ এই ম্যাচ ঘিরেই।
লিটন বলেন, ‘দেশ ছাড়ার আগে বলেছিলাম যে আমাদের প্রথম লক্ষ্য ফাইনালে যাওয়া। সোনা পাব কি না, সেটা পরের বিষয়। তবে ফাইনালে যেতে হলে আগামীকালের ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। আপাতত সেটির দিকেই মনোযোগ দিচ্ছি।’
এশিয়ান গেমসে এবার বাংলাদেশের মেয়েদের ক্রিকেট দল প্রত্যাশা অনুযায়ী করতে পারেনি। ব্রোঞ্জ পদকের ম্যাচেও পাকিস্তানের কাছে হেরে গেছে তারা। সব মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের অর্জন উশুতে একটি ব্রোঞ্জ। ফলে ছেলেদের ক্রিকেট দলের ওপর প্রত্যাশা বেড়েছে। তবে সেই প্রত্যাশাকে চাপ হিসেবে দেখছেন না লিটন।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আপাতত না। প্রথম ম্যাচটা খেলি, জিতলে তারপর চিন্তাভাবনা করব।’
মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের প্রস্তুতিতে অবশ্য বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে। ম্যাচ ভেন্যুতে অনুশীলনের কয়েকটি সেশন বৃষ্টির কারণে ব্যাহত হয়েছে। ম্যাচের আগের দিন আজ ফুটবল মাঠেও অনুশীলন করতে হয়েছে বাংলাদেশকে।
তবে এসব নিয়ে খুব বেশি চিন্তিত নন লিটন। তাঁর মতে, দেশে থাকতেই দল প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। জাপানে অনুশীলনের সুযোগ সীমিত হতে পারে—এমন পরিস্থিতির জন্যও খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত করা হয়েছিল।
লিটন বলেন, ‘দেশে আমরা অনেক অনুশীলন করেছি। আমি খেলোয়াড়দের একটা কথাই বলেছি—ওখানে গিয়ে অনুশীলনের সুযোগ নাও থাকতে পারে, যদি বৃষ্টি থাকে। তাই মানসিকভাবে সেভাবেই প্রস্তুত থাকতে হবে। এই দেশে ক্রিকেট খুব একটা পরিচিতও নয়। তারা সুযোগ-সুবিধা সেভাবে দিতে পারবে কি না, এ নিয়েও সন্দেহে ছিলাম। খেলোয়াড়রা ঢাকা থেকেই প্রস্তুতি নিয়েছে এবং মনে হয় তারা খেলার জন্য প্রস্তুত।’
বৃষ্টির প্রভাব এরই মধ্যে এশিয়ান গেমসের ক্রিকেটে পড়েছে। নিশিনে আজ হংকং-পাকিস্তান এবং আফগানিস্তান-ভারতের দুটি কোয়ার্টার ফাইনালই বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় পাকিস্তান ও ভারত সেমিফাইনালে উঠেছে।
আগামীকাল বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচও যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয়, তাহলে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
বৃষ্টির ওপর নিয়ন্ত্রণ না থাকার বিষয়টি মেনে নিয়েই এগোতে চান লিটন। তিনি বলেন, ‘খেলা না হলে কিছু করার থাকবে না। আগেও বললাম, বৃষ্টির ওপর কারও নিয়ন্ত্রণ নেই।’
মালয়েশিয়ার বিপক্ষে উইকেট বোলারদের জন্য সহায়ক হতে পারে বলেও মনে করছেন বাংলাদেশ অধিনায়ক। স্পিন বিভাগ নিয়ে আলাদা পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে লিটন বলেন, ‘আমার মনে হয় উইকেটটা বোলারদের জন্য সুবিধাজনক হবে। চেষ্টা করব, আমাদের দলের যে সেরা বোলাররা আছে, তাদের খেলাতে।’
এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের অতীতও আশাবাদী হওয়ার মতো। ২০১০ সালে গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের ক্রিকেটে প্রথমবারের মতো সোনা জিতেছিল বাংলাদেশ। এরপর ২০১৪ ও ২০২৩ সালের আসরে ছেলেদের দল জিতেছে ব্রোঞ্জ পদক। এবার লিটনদের লক্ষ্য অন্তত ফাইনালে পৌঁছানো।
